নাথান লায়নের স্পিন ও মিচেল স্টার্কের পেসে টালমাটাল ইংল্যান্ড। দুইশ’র উপর লিড পায় অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাডিলেড ওভালে দিবারাত্রির প্রথম অ্যাশেজ টেস্টের তৃতীয় দিন ছিল বোলারদের। দিন শেষ হওয়ার আগে তাই স্বস্তিতে থাকতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়েছে ইংলিশ পেসাররা। ৬ উইকেট হাতে রেখে ২৬৮ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের শেষ সেশনে ৮ উইকেটে ৪৪২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে ২৯ রানে সোমবার প্রথম ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। লায়ন ও স্টার্কের বোলিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান খুব বেশি কমাতে পারেনি তারা। অলআউট হয় ২২৭ রানে। ২১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে অসিরা। ২৬ ওভার খেলে ৪ উইকেটে তারা ৫৩ রানে দিন শেষ করেছে।
তৃতীয় দিন মাত্র ২ রান যোগ করে উইকেট হারায় ইংল্যান্ড। জেমস ভিন্সকে (২) টিম পেইনের ক্যাচ বানান জশ হ্যাজেলউড। এরপর দুইপ্রান্ত থেকে স্টার্কের গতি ও লায়নের ঘূর্ণিতে সফরকারীদের বিপর্যয় শুরু। লায়ন চারটি ও স্টার্ক তিনটি উইকেট নেন। জো রুট (৯) ও ডেভিড মালানের (১৯) দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান প্যাট কামিন্স।
ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন ক্রেইগ ওভারটন।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের পেসে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দিনের শেষ তিনটি উইকেট তারা হারায় ১১ রানের ব্যবধানে। দলীয় ৫ রানে ক্যামেরন ব্যানক্রফটকে (৪) আউট করেন অ্যান্ডারসন। এরপর ৩৯ থেকে ৫০ রানের মধ্যে উসমান খাজা (২০), ডেভিড ওয়ার্নার (১৪) ও স্টিভেন স্মিথ (৬) ক্রিজ ছাড়েন।
সমান দুটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ওকস।








