ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এনামুল হক। চলতি জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। শেষ রাউন্ডে এসেও আছেন ডাবল সেঞ্চুরির পথে। তার সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছেন মেহেদি হাসান। সেঞ্চুরি পূরণ করেছেন তিনিও। এনামুল ও মেহেদির শতকে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগ লিড নিয়েছে ২৫৭ রানের। দ্বিতীয় দিন শেষে খুলনা ৬৮ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৩৭০ রান। সৌম্য সরকার (৩০) আউট হওয়ার পর মেহেদি-এনামুল মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৮১ রান।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কুয়াশার কারণে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়। বৃহস্পতিবার ১২ রান নিয়ে খেলা শুরু করা এনামুল চা বিরতিতে যাওয়ার আগেই তুলে নেন সেঞ্চুরি। ১২৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় তিনি প্রথম শ্রেণির ক্রিকেটের পান ১৪তম সেঞ্চুরির দেখা। দিন শেষে ১৬৭ রান নিয়ে অপরাজিত আছেন এনামুল।
আরেক সেঞ্চুরিয়ান মেহেদি ছিলেন এনামুলের চেয়ে বিধ্বংসী। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ১০৯ বলে ১১ চার ও ১ ছক্কায় তিনি পান প্রথম শ্রেণির ক্রিকেটের চতুর্থ সেঞ্চুরি। জাতীয় লিগের চলতি মৌসুমের প্রথম রাউন্ডে ১৭৭ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত আছেন ১৬৮ রানে।
এদিকে প্রথম দিনে খুলনার হয়ে বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। তাদের বোলিং তোপে মাত্র ১১৩ রানে শেষ হয় ঢাকার প্রথম ইনিংস। মিরাজ পেয়েছিলেন ৭ উইকেট, আর মোস্তাফিজ নিয়েছিলেন দুই উইকেট।








