বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল নাসির হোসেনের সামনে। কিন্তু মাত্র ৫ রান আক্ষেপ হয়ে থাকলো, ২৯৫ রানে আউট হয়ে গেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে ২৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা নাসির আরও ২৫ রান যোগ করলেও ট্রিপল সেঞ্চুরি পূরণ করতে পারেননি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পর ভক্তরা ছিলেন তার ট্রিপল সেঞ্চুরির অপেক্ষায়। সাড়ে আট ঘণ্টা ক্রিজে থাকার পর লিঙ্কন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বির তালুবন্দী হয়ে ফিরে যান নাসির। ৬০৩ বলে ৩২ চার ও ৩ ছক্কায় খেলে যান ২৯৫ রানের চমৎকার এক ইনিংস।
বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান রকিবুল হাসান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় ৩১৩ রানের ইনিংসটি খেলেছিলেন রকিবুল।
শুক্রবার পঞ্চম উইকেটে আরিফুলকে সঙ্গে নিয়ে নাসির ৩৬৮ রানের জুটি গড়েন। আরিফুল ১৬২ রানে আউট হলেও নাসির ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ছিলেন ট্রিপল সেঞ্চুরির পথে।
বাংলাদেশের প্রথম শ্রেণির সেরা পাঁচ ইনিংস:
নাম | দল | প্রতিপক্ষ | মৌসুম | রান |
রকিবুল হাসান | ৩১৩ | বরিশাল বিভাগ | সিলেট বিভাগ | ২০০৬-০৭ |
নাসির হোসেন | ২৯৫ | রংপুর বিভাগ | বরিশাল বিভাগ | ২০১৭-১৮ |
মার্শাল আইয়ুব | ২৮৯ | ওয়ালটন সেন্ট্রাল জোন | ইসলামী ব্যাংক ইস্ট জোন | ২০১২-১৩ |
মোসাদ্দেক হোসেন | ২৮২ | বরিশাল বিভাগ | চট্টগ্রাম বিভাগ | ২০১৪-১৫ |
শামসুর রহমান | ২৬৭ | ওয়ালটন সেন্ট্রাল জোন | ইসলামী ব্যাংক ইস্ট জোন | ২০১৩-১৪ |








