‘জাতীয় দলের বাইরে বলে স্বপ্ন শেষ হয়ে যায়নি’

রবিউল ইসলাম
২৩ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৫

এনামুল হক প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ডাবল সেঞ্চুরি ছিল না এনামুল হকের। এবারের আসরে করে ফেললেন দুটি ডাবল। তার ২০২ রানের ওপর ভর করে জাতীয় লিগের শেষ রাউন্ডে ইনিংস ব্যবধানে জিতেছে খুলনা। গোটা মৌসুমে দারুণ পারফর্ম করে দুই ডাবল সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে হয়েছেন আবার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকও। তার ৬১৯ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খুলনার হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে। একই সঙ্গে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার সিরিজের আগে ঘরোয়া লিগের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের কাছে নিজের জায়গার দাবিও জানিয়ে রাখলেন এনামুল।

যদিও জাতীয় দলে থাকা-না থাকা নিয়ে খুব একটা ভাবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। হঠাৎ করে মনে সেই ভাবনা চলে এলেও হতাশা পুষে রাখেন না তিনি। গত বছর দুয়েক হলো সুযোগের অপেক্ষায় থাকা এনামুল জাতীয় দলে ডাক না পেলে আবার নিজের কাজের দিকে দেন মনোযোগ। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজেও থাকবেন সুযোগের অপেক্ষায়, যদি না পান, তাহলে অতীতের মতো আবার মনোযোগী হবেন নিজের কাজে।

শনিবার বিকেএসপিতে খুলনার হয়ে হ্যাটট্রিক শিরোপা উৎসব শেষে মুঠোফোনে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন ওয়ানডেতে তিন সেঞ্চুরির মালিক এনামুল। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য-

বাংলা ট্রিবিউন: গত প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের পর এবার খুলনার হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ নিলেন, কেমন লাগছে?

এনামুল: আমার ভালো লাগছে অন্য কারণে। তিনবারই শিরোপা জয়ে অবদান রাখতে পেরেছি। কিছু না কিছু অবদান সবসময়ই ছিল। এবার অবদানটা বেশি রাখতে পেরেছি। এটা আসলেই ভালো লাগার বিষয়। সবসময়ই ভালো লাগে শিরোপা জিততে। একই বছরে প্রিমিয়ার লিগের শিরোপা আর জাতীয় লিগের শিরোপা জয়টা আমাকে সবচেয়ে আনন্দিত করেছে।

বাংলা ট্রিবিউন: এক মৌসুমে দুটি ডাবল সেঞ্চুরি, জাতীয় দলে নিজের জায়গার দাবি জানিয়ে রাখলেন...

এনামুল: আমি রান করলে সবসময়ই আনন্দ পাই। এই কারণে আমার উদযাপনগুলো একটু অন্যরকম হয়। রান করলে আসলে জবাব দেওয়ার কিছু নেই। এটা আমার কাজ। আমার কাজগুলো আমি ঠিকমতো করতে পারলে নির্বাচকরা আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি সবসময়ই চাই নিয়মিত রান করতে।

বাংলা ট্রিবিউন: প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি পেতে লেগেছিল ৬৩ ম্যাচ। কিন্তু দ্বিতীয় ডাবল পেতে সময় নিলেন মাত্র ৫ ম্যাচ। এই প্রেরণার উৎস কী?

এনামুল: ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি যখন পাই, তখন ভাবতাম তাহলে তো নিয়মিত আমার সেঞ্চুরি করা উচিত। যখন ডাবল সেঞ্চুরি পেয়ে গেলাম, তখন নিজের কাজের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ভেবেই আসলে আরও একটি ডাবল হয়ে গেছে। আশা করি সামনে যখনই সুযোগ আসবে, সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়ার চেষ্টা করব।

বাংলা ট্রিবিউন: সৌম্য সরকারের কারণেই বাদ পড়েছিলেন। সেই সৌম্য অনেকদিন ধরে নিজের ছায়ায় বন্দী। এখন কি মনে হয় সুযোগটা তৈরি হচ্ছে?

এনামুল: আমার ভাবনাটা এমন নয়। আমি নিজেকে ছাড়িয়ে যাওয়া নিয়ে ভাবি। ঘরোয়া ক্রিকেটের যেখানেই সুযোগ পাব, নিজের সেরাটা দিয়ে খেলব। কে বাদ পড়লো, কার জায়গায় আমি ঢুকবো- এই সব নিয়ে বিন্দুমাত্র চিন্তা করছি না। জাতীয় দলের জায়গা তো সবার জন্যই উন্মুক্ত থাকে। যে ভালো খেলবে, সেই সুযোগ পাবে। কারও জায়গা আসলে কেউ নেয় না, আমার কাছে এমনটা মনে হয়। এখানে পারফর্ম করাটাই বেশি গুরুত্বপূর্ণ। গত আড়াই বছরে চেষ্টা করেছি রান করার, সামনের দিনগুলোতেও সেই কাজটাই করে যাব। বিকেএসপিতে ভর্তি হওয়ার সময় যে স্বপ্ন দেখেছি, এখনও আমার চোখে সেই স্বপ্নই আছে। কিছুদিন জাতীয় দলের বাইরে বলে স্বপ্নটা শেষ হয়ে যায়নি।

বাংলা ট্রিবিউন: দুটি ডাবল সেঞ্চুরির পর ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের দলে থাকার ব্যাপারে এখন নিশ্চয়  আত্মবিশ্বাসী? 

এনামুল: এই বছরটা আসলেই বিশেষ কিছু। জাতীয় লিগে দুটি ডাবল সেঞ্চুরি পেয়েছি। লিগের সর্বোচ্চ স্কোরার আমি। সবকিছু মিলিয়ে মৌসুমটা ভালো কেটেছে। গত প্রিমিয়ার লিগে রান করেছি, দল চ্যাম্পিয়ন হয়েছে। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করেছি। সবকিছু মিলিয়ে চলতি বছরটা আমার জন্য বিশেষ কিছুই। এবার আমার সুযোগ আসবে- এমনটা আসলে প্রতি সিরিজের আগে একবার হলেও ভাবি। তারপরও সুযোগ না পেয়ে হতাশ হই না। আমার কাজগুলো আমি ঠিকমতো করতে চাই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম