শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ভারত যখন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে শ্রীলঙ্কাকে মোকাবিলা করছিল, তখন কোহলি শুরু করেছিলেন জীবনের নতুন এক ইনিংস। ইতালিতে ঘরোয়া আয়োজনে মালাবদল করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে। মধুচন্দ্রিমা ও বিবাহোত্তর সংবর্ধনা শেষে এবার ক্রিকেটে ফিরছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্বে ওয়ানডে খেলবে ভারত।
ছয় ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। যেখানে জায়গা হয়নি লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের।
জাদেজা-অশ্বিনের সুযোগ না হলেও দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। স্পিন বিভাগ সামাল দেবেন তারা। ইনজুরির কারণে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি মোহাম্মদ সামি ও শারদুল ঠাকুর। তাদের ডাকা হয়েছে এই সফরে। হ্যামস্ট্রিং চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারে না খেলা কেদার যাদবকেও নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।
আগামী ১ ফেব্রুয়ারি ডারবানে শুরু হবে ছয় ম্যাচের এই ওয়ানডে সিরিজ। তার আগে টেস্ট সিরিজ খেলবে দুই দল।
ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, মনীষ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি ও শারদুল ঠাকুর।








