আগামী ১৫ জানুয়ারি শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ‘রকেট’।
রবিবার রকেটকে আনুষ্ঠানিকভাবে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে ফরিদুর রেজা সাগর ও ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।
বিসিবির প্রধান নির্বাহী তার বক্তব্যে বলেছেন, ‘আমাদের সঙ্গে ডাচ-বাংলার সম্পর্ক অনেক আগে থেকে। আশা করি সামনেও বিসিবির সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
জালাল ইউনুস আশাবাদী বাংলাদেশকে নিয়ে, ‘২০১৮ সালের শুরুতেই আমরা এই সিরিজটি খেলতে যাচ্ছি। সামনে আমাদের অনেক খেলা আছে। বছরের শুরুটা তাই ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি রকেট সিরিজে আমরা দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবো।’
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বাংলাদেশের ক্রিকেটে সংশ্লিষ্ট হতে পেরে উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের ক্রিকেট সাফল্যের অংশীদার হতে পেরে ডাচ-বাংলা ব্যাংক গর্বিত। আশা করি সামনেও বাংলাদেশের সাফল্যধারা অব্যহত থাকবে।’
আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ জানুয়ারি জিম্বাবুয়ের ঢাকার আসার কথা। শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি।
ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্টের পর ৮ ফেব্রুয়ারিতে শুরু হবে মিরপুরে দ্বিতীয় টেস্ট। তারপর ১৫ ও ১৮ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।








