আন্তর্জাতিক আঙিনায় তার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। তবে বিপিএলের পারফরম্যান্সে আবার যখন খুলেছে জাতীয় দলের দরজা, তখন সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করার লক্ষ্য মোহাম্মদ মিঠুনের।
২০১৪ সালে দেশের জার্সিতে দুটি ওয়ানডে খেলে বাদ পড়েছিলেন মোহাম্মদ মিঠুন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে প্রমাণ করে ফিরেছেন জাতীয় দলে। রংপুর রাইডার্সের জার্সিতে মিঠুন ৩২৯ রান করে দলের শিরোপা জয়ে রেখেছেন অবদান। বিপিএলের পর এবার আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করতে চান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সোমবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে দল থেকে বাদ পড়া সবসময় কষ্টের, কেউই চায় না বাদ পড়তে। আর বাংলাদেশের হয়ে খেলা, পারফর্ম করা- সবারই স্বপ্ন থাকে। এখন আবার সেই সুযোগ এসেছে। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।’
জাতীয় দলে যে দুটি ম্যাচ খেলেছিলেন, সেখানে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন ব্যাট করার; করেছিলেন ২৬ রান। এরপর জায়গা হারান দলে। এবার নিজেকে প্রমাণ করতে চান মিঠুন, ‘আমি এখনও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করতে পারিনি, হয়তো ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো খেলেছি। কিন্তু আমার চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের হয়ে ভালো খেলার। আমার দিক থেকে শতভাগ চেষ্টা থাকবে দেশের হয়ে কিছু করার।’
মিঠুন মনে করেন, তার জাতীয় দলে সুযোগের পেছনে অবদান আছে মাশরাফির। কিভাবে? সেটা ব্যাখ্যা করেছেন তিনি এভাবে, ‘আমার তো মনে হয় বিপিএলের পারফরম্যান্স পুরোটাই সাহায্য করেছে। ওখানে আমার অবদান ছিল, আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমি ভাগ্যবান, বিপিএলে আমার দলের অধিনায়ক ও বাংলাদেশ দলের অধিনায়ক একই। মাশরাফি ভাই আমার ওপর আস্থা রেখেছেন বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি, নয়তো পারতাম না।’
বিপিএলের অভিজ্ঞতা আন্তর্জাতিক ম্যাচে কাজে লাগবে বলেও মনে করেন মিঠুন, ‘বিপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক মিল আছে। এই টুর্নামেন্টে (প্রত্যেক ম্যাচে) পাঁচ বিদেশির মুখোমুখি হতে হয়েছে, আবার তাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগিও করতে হয়েছে। দর্শকের চাপও ছিল। সব মিলিয়ে আমার মনে হয়, বিপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কিছুটা মিল আছে।’








