শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ফাইনালে বাংলাদেশের একাদশে পরিবর্তন তিনটি। জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। বাজে সময় কাটানো নাসির হোসেনও কাটা পড়েছেন একাদশ থেকে। এই অলরাউন্ডারকে বাদ দিয়ে অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে।
এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন আবুল হাসান। তার বদলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
লিগ পর্বের শেষ ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম হারের মুখ দেখে বাংলাদেশ। মাত্র ৮২ রানে অলআউট হয়ে বড় এক ধাক্কা খেয়েছে মাশরাফি বিন মুর্তজারা। ফাইনাল মঞ্চে সেই প্রতিশোধ পর্ব সেরে শিরোপা উদযাপন করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার একাদশ: দিনেশ চান্ডিমাল, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা, অসেলা গুনারত্নে, কুশল মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমাল, দুষ্মন্থ চামিরা, থিসারা পেরেরা, শেহান মধুশঙ্ক।








