কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছিল সাকিব আল হাসানকে, আর মোস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ। তাই আইপিএলের ১১তম আসরে খেলতে নিলামেই ঠিকানা হয়েছিল তাদের। সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। সাকিব-মোস্তাফিজ ক্লাব খুঁজে পেলেও শনিবার ও রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ডাকাই হয়নি বাকি চারজনকে।
গত শনিবার নিলামের প্রথম দিন কলকাতার সাবেক তারকা সাকিবকে নিতে লড়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত এক কোটি রুপি ভিত্তি মূল্য থেকে বাংলাদেশি অলরাউন্ডারকে ২ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স।
একই দিন বিক্রি হয়ে গেছেন মোস্তাফিজ। তারও ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। মোস্তাফিজের ঠিকানা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। বর্তমান চ্যাম্পিয়নরা এই বাঁহাতি পেসারকে কিনেছে ২ কোটি ২০ লাখ রুপিতে। তাকে নিতে মুম্বাইয়ের সঙ্গে লড়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।
প্রথম দিনই সাকিব-মোস্তাফিজ নতুন ক্লাব পেলেও রবিবার ভক্তদের কৌতূহল ছিল তামিম-মাহমুদউল্লাহদের ঘিরে। তাদের সঙ্গে সাব্বির ও আবুল হাসানকে নিয়ে কেউ আগ্রহ দেখায় কিনা সেটা জানতে দ্বিতীয় দিনের নিলামে চোখ রেখেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অবিক্রিত থাকা তো দূরের কথা, তাদের কাউকেই ডাকা হয়নি। এ চারজনের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।
কাইল অ্যাবট, এউইন মরগান, লাসিথ মালিঙ্গা ও নাথান লায়নদের মতো তারকারাও শেষ পর্যন্ত দল পাননি। এদিন নিলামে সবচেয়ে বড় চমক ছিল সন্দ্বীপ লামিচ্যানের ডাক পাওয়া। ২০ লাখ রুপিতে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন ১৭ বছর বয়সী এ স্পিনার। তাকে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ক্রিকইনফো








