আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শ্রীলঙ্কা সিরিজের পর মিরপুরে ফিরবে লিগের ম্যাচগুলো। তার আগে বিকেএসপি ও ফতুল্লায় হবে খেলা।
সোমবার সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ওয়াল্টন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ১২ ক্লাবের ম্যানেজার, কোচ ও অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে প্লেয়িং কন্ডিশন বা বাইলজ দলগুলোর কাছে দিয়ে দেওয়া হয়েছে।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই লিগকে ভিন্ন আমেজ দিতে এবার প্রথমবারের মতো ক্রিকেটারদের জার্সি নিয়েও কাজ করেছে সিসিডিএম। গত আসরগুলোতে ক্লাবগুলোর জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানের লোগো যেত না। এই আসর থেকে প্রতিটি ক্লাব স্পন্সর প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করবে। এ ব্যাপারে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা ক্লোথিং-নীতি করেছি, যা সব দলকে দেওয়া হয়েছে। এতে প্রতিটি দলকে আরও স্মার্ট দেখাবে। প্রিমিয়ার লিগও আলাদা মানদণ্ড পাবে এবং লিগের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।’
বিসিবির নতুন কমিটিতে সিসিডিএমের দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজী ইনাম মাঠে দর্শক ফেরাতে পরিশ্রম করে যাচ্ছেন। লিস্ট ‘এ’ মর্যাদার এ টুর্নামেন্টে আন্তর্জাতিক আবহ দেওয়ার পরিকল্পনা তার।
আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের সূচি দুই-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে। প্রতিটি ম্যাচ শেষে একদিন করে বিশ্রাম থাকবে। কোনও কারণে সূচি অনুযায়ী খেলা না গড়ালে বিশ্রাম ‘ডে’তেই ম্যাচ গড়াবে। এ ব্যাপারে কাজী ইনাম বলেছেন, ‘একদিনের বিরতি দিয়ে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মূলত রিজার্ভ ডে রাখার কারণেই একদিনের বিরতি দেওয়া হয়েছে। বৃষ্টি কিংবা কোনও কারণে খেলা না হলে পরবর্তী দিনে হবে ম্যাচ। যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হবে।’
প্রতিটি ক্লাব তাদের পছন্দ মতো বিদেশি খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। যদিও একজনের বেশি একাদশে খেলার সুযোগ পাবে না। বাইলজে স্পষ্ট করে এমনটাই বলা আছে।
চলতি মৌসুমে সুপার লিগের খেলা সরাসরি টিভিতে সম্প্রচারেরও আশ্বাস দিয়েছেন কাজী ইনাম, ‘দুই-একটা চ্যানেলের সঙ্গে আলাপ হয়েছে। সম্ভব হলে চেষ্টা করব সুপার লিগের কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করার।’








