নতুন দিনের শুরুটা হয়েছিল মুমিনুল হকের আউট দিয়ে। এরপর আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের এই ধাক্কা সামলে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেটে ৪৬৭ রানে থেকে লাঞ্চে গেছে স্বাগতিকরা।
ক্যারিয়ারের দ্বিতীয় দেড়শ ছাড়ানো ইনিংসকে ডাবল সেঞ্চুরি বানানোর প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছিলেন মুমিনুল হক। কিন্তু নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটাই খেলা হলো না তারা। নতুন দিনের শুরুতে বেশিক্ষণ টিকতে পারলেন না বাংলাদেশের এই ব্যাটসম্যান।
১৭৫ রানে অপরাজিত থেকে খেলতে নেমে ঝুলিতে আর মাত্র একটি রান যোগ করতে পেরেছেন মুমিনুল। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮১ রানকে টপকে যেতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৭৬ রান এসেছে ২১৪ বল থেকে, ১৬টি চার ও ১ ছয়ে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলে রঙ্গনা হেরাথের স্পিনে পরাস্ত হন মুমিনুল। তাকে কুশল মেন্ডিসের ক্যাচ বানান শ্রীলঙ্কার দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারি। মুমিনুল ও মুশফিকের ২৩৬ রানের জুটিতে প্রথম দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।
৪ উইকেটে ৩৭৪ রানে খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে মুমিনুলের সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ। দিনের শুরুতে আরও একটি উইকেট হারায় স্বাগতিকরা। মোসাদ্দেক হোসেনকে (৮) লাকশান সান্দাকানের ক্যাচ বানান হেরাথ।
বাংলাদেশের স্কোর চারশ’র ঘরে নিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটি ২৭ রানের। লাহিরু কুমারার থ্রোতে নিরোশান ডিকবেলা রান আউট করেন মিরাজকে।
অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন সানজামুল ইসলাম। মাহমুদউল্লাহ ৪৯ ও সানজামুল ২৩ রানে অপরাজিত আছেন।








