দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ১ উইকেটে করেছে ১৮৭ রান। ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে তারা ৩২৬ রানে। তৃতীয় দিনে এই রান পেরিয়ে লিড নিতে চায় সফরকারীরা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে এসেছিলেন স্পিনার রঙ্গনা হেরাথ। সেখানেই তিনি তৃতীয় দিনে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, প্রথম ইনিংসে তাদের লক্ষ্য লিড নেওয়ার। লঙ্কান স্পিনার বলেছেন, ‘এটা এখনও ব্যাটিং সহায়ক উইকেট। আমাদের আগে ৩০০ রান নিতে হবে, এরপর আমরা নতুন লক্ষ্য নির্ধারণ করব। তবে আমাদের অবশ্যই ৫০০ প্লাস রান লাগবে। এই মুহূর্তে স্কোর ১ উইকেটে ১৮০ (আসলে হবে ১৮৭)।’
প্রথম দিন ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হক দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১ রান যোগ করে আউট হয়েছেন। সব মিলিয়ে ২১৪ বলে ১৬ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ১৭৬ রানের ইনিংস। মুমিনুলের ইনিংসের প্রশংসা করে হেরাথ বলেছেন, ‘মুমিনুল ১৭৫ রানের ইনিংস খেলেছে। এটা অন্যতম একটা স্পেশাল ইনিংস। তার জন্য বড় সাফল্য। মুশফিক ও মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করেছে।’








