আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া একদিনের ক্রিকেটে মাঠে নামছে জ্যামাইকা-লিওয়ার্ড আইল্যান্ড। এই ম্যাচ দিয়েই এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামছেন আন্দ্রে রাসেল।
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ১২ মাসের মধ্যে তিনবার ডোপ টেস্টে হাজিরা দিয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দেননি রাসেল, যা ওয়াডার নিয়মে ডোপ পাপের সমান। ২০১৫ সালে রাসেল এই নিয়ম লঙ্ঘন করায় শাস্তি হিসেবে এক বছরের জন্য নিষিদ্ধ হন ক্রিকেট থেকে। গত মঙ্গলবার শেষ হয়েছে এই শাস্তির সময়কাল। তাই ক্রিকেটে ফিরতে আর কোনও বাধা নেই তার। জ্যামাইকার হয়ে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট দিয়ে শুক্রবার মাঠে নামছেন রাসেল।
ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের ফেরায় সবচেয়ে খুশি হওয়ার কথা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলোর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে কার্যকরী ভূমিকা রাখেন তিনি কুড়ি ওভারের টুর্নামেন্টে। এ বছরের ঘরোয়া টি-টোয়েন্টির আসর জমানোর প্রস্তুতি হিসেবেই রাসেল খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান ঘরোয়া লিগ। ‘সুপার ফিফটি’ নামের একদিনের ঘরোয়া ক্রিকেটে জ্যামা্ইকার আট ম্যাচেই খেলার কথা তার। এরপরই উড়ে যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। দুবাইয়ে ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় তিনি খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।
পিএসএল শেষে খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যেখানে আগেই তাকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স সাড়ে ৮ কোটি রুপিতে। তবে জাতীয় দলে তাড়াতাড়ি ফেরা হচ্ছে না রাসেলের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে বিশ্বকাপ বাছাইয়ের দলে রাখতে চাইলেও ওই সময় পিএসএল থাকায় জাতীয় দলকে ‘না’ বলেছেন তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে একদিনের ম্যাচ খেলার কথা আছে তার ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচকরা তাকে বিবেচনায় রাখতে পারেন ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে।








