ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়া সাকিব আল হাসান ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে। রবিবার দল ঘোষণার পর জানা গেলো, ঢাকা টেস্টেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পান সাকিব। শিরোপার ওই লড়াইয়ে ব্যাটিংয়ে ছিলেন না তিনি। শুরুতে কেবল চট্টগ্রাম টেস্টে তার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন নির্বাচকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ শেষ হওয়ার পর ঢাকা টেস্টেও তাকে বাইরে রেখে দল ঘোষণা করা হলো।
চট্টগ্রাম টেস্টের জন্য ছিল ১৬ জনের দল। দ্বিতীয় ম্যাচে সেই দল কমে হলো ১৫ জনের। এই দলে ফিরেছেন সাব্বির রহমান। বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া সানজামুল ইসলাম। নিজের প্রথম টেস্ট ম্যাচ রাঙিয়ে দিতে পারেননি এই স্পিনার। ৪৫ ওভার বল করে ১৫৩ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় টানা দ্বিতীয় টেস্ট খেলা হলো না তার।
এছাড়া পেসার রুবেল হোসেনও বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টের দল থেকে। অবশ্য ড্র হওয়া টেস্টের একাদশে ছিলেন না তিনি। ঢাকা টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে খেলবেন রুবেল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা নাঈম হাসান চট্টগ্রামে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তাকেও ঢাকার মিশনে রেখে দিয়েছেন নির্বাচকরা।
আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্টে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহর হাতেই থাকবে ঢাকা টেস্টের দায়িত্ব।
দ্বিতীয় টেস্ট দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তানভীর হায়দার, নাঈম হাসান ও আব্দুর রাজ্জাক।








