টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স ভালো নয়। মাত্র তিনটি ম্যাচে প্রথম ইনিংসে ৫০০ আর দ্বিতীয় ইনিংসে ৩০০ রানের ওপরে করতে পেরেছে টাইগাররা। দুবার হার বাঁচাতে পারলেও একবার ব্যর্থ হয়েছিল। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫১৩ রান করেও হারের শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ দিনে মুমিনুল আর লিটনের দৃঢ়তাভরা ব্যাটিং সম্মানজনক ড্র এনে দিয়েছে স্বাগতিকদের। মাহমুদউল্লাহ দুজনের পারফরম্যান্সে উচ্ছ্বসিত।
প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘মুমিনুল আর লিটন আজ খুব ভালো ইনিংস খেলেছে। দুজনই লড়াকু ইনিংস উপহার দিয়েছে। ওদের পারফরম্যান্সে আমি খুবই খুশি।’ বিশেষ করে জোড়া সেঞ্চুরি করে ইতিহাস গড়া মুমিনুলের প্রশংসায় পঞ্চমুখ মাহমুদউল্লাহ, ‘সে মানুষটা ছোট, কিন্তু তার কীর্তি অনেক বড়। ওর হৃদয়টাও বিশাল। সে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলছে।’
শেষ দিনে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়ালেও ব্যাটসম্যানদের ওপরে আস্থা ছিল অধিনায়কের, ‘ব্যাটসম্যানদের ওপরে বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। আমাদের শুধু একটা বড় জুটির দরকার ছিল, যেটা গড়েছে মুমিনুল আর লিটন।’
চট্টগ্রাম টেস্ট ড্র করতে পেরে মুমিনুলও খুশি। তিনি বললেন, ‘এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক দৃঢ়তা আর নিজের ওপরে বিশ্বাস রাখা। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) থেকে শুরু করে দলের প্রত্যেকে নিজের ওপরে বিশ্বাস রাখতে বলেছিলেন। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি বলেই ম্যাচটা বাঁচাতে পেরেছি।’








