২০১০ সালে স্পট ফিক্সিংয়ে পাঁচ বছর নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট খেলবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এই আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে তাকে।
বাংলাদেশের লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় খেলার অনুমতি পেয়েছেন স্পট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা শেষে ২০১৫ সালে মাঠে ফেরা বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে দিয়েছে অনাপত্তিপত্র (এনওসি)। পুরো মৌসুমের জন্য মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান।
সোমবার থেকে শুরু এ টুর্নামেন্টে যোগ দিতে পেরে রোমাঞ্চিত বাট, ‘অনেক লম্বা সময় পর এখানে আসার সুযোগ পেয়ে ভালো লাগছে। গত কয়েক বছরে উঁচু সারির ক্রিকেট খেলুড়ে দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। তারা তাদের ক্রিকেটকে উচ্চ শিখরে নিয়ে গেছে এবং সেটা বারবার প্রমাণ করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া কাঠামোর ফসল এসব।’
সাকিব আল হাসানের দলকে সাফল্য এনে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। মোহামেডানকে নিয়ে বাট বলেছেন, ‘অনেক ইতিহাস সমৃদ্ধ একটি ক্লাব মোহামেডান। অতীতে তাদের সঙ্গে অনেক পাকিস্তানি সেরারা খেলেছেন। আমিও তাদের জন্য অবদান রাখবো আশা করি। সাকিব এই দলকে নেতৃত্ব দেবেন এবং আমি বিশ্বাস করি এই মৌসুমে এটা পার্থক্য গড়ে দেবে।’
বাটকে পাওয়ায় উচ্ছ্বসিত মোহামেডান। ক্লাব কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ‘সালমান বাট ভালো ফর্মে আছেন। আশা করছি তিনি আমাদের জন্য উপকারী হবেন। পুরো টুর্নামেন্টে তাকে পাওয়া যাবে। তাকে শুরু থেকে খেলাতে চাই আমরা।’
আগামী বুধবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডান শুরু করবে তাদের প্রিমিয়ার ক্রিকেট লিগ মিশন। ক্রিকইনফো








