২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ইনজুরিতে পড়ে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যান মাশরাফি মুর্তজা। এরপর আর তাকে বাংলাদেশের টেস্ট দলে দেখা যায়নি। এমনকি ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটেও তিনি অনিয়মিত। সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল সামলে মাশরাফি যে এখনও খেলছেন এটাই অনেক বড় ব্যাপার। অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্য চিকিৎসক ডা. ডেভিড ইয়াংয়ের অবশ্য বিশ্বাস, শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টি নয়, মাশরাফির পক্ষে টেস্ট খেলাও সম্ভব।
মাশরাফির সাতটি অস্ত্রোপচারের ছয়টিই করেছেন ডা. ইয়াং। একটি কর্মশালায় অংশ নিতে ঢাকায় আসা এই চিকিৎসক মঙ্গলবার মিরপুর ক্রিকেট একাডেমিতে ওয়ানডে অধিনায়কের ফিটনেসের প্রশংসা করলেন অকুণ্ঠে, ‘মাশরাফির ফিটনেস দারুণ। তার টেস্ট না খেলার আমি কোনও কারণ দেখি না।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর সংবাদ সম্মেলনে টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্ন রাখা হলে মাশরাফি বলেছিলেন, ‘দলের প্রয়োজন হলে অবশ্যই চেষ্টা করবো। অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ যথেষ্ট যোগ্য। আমার বিশ্বাস, সে ভালোভাবে দল পরিচালনা করতে পারবে।’ এখন ডেভিড ইয়াং পরিষ্কার জানিয়ে দিলেন, মাশরাফির টেস্ট খেলতে কোনও সমস্যা নেই।
টাইগারদের ওয়ানডে অধিনায়কের দেশ আর দলের প্রতি আত্মনিবেদন নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার এই শল্য চিকিৎসক, ‘মাশরাফি একজন পেশাদার ক্রিকেটার। তার ক্যারিয়ারে আমার অবদান খুবই সামান্য। মাশরাফি যেভাবে এখনও খেলে যাচ্ছে, তাতে আমি মুগ্ধ। তার আত্মনিবেদন দেখে অবাক হয়ে যাই। বিশ্বের আর কোনও খেলোয়াড়ের এমন কীর্তি নেই।’
মাশরাফির প্রশংসা করে ডা. ইয়াং আরও বললেন, ‘মাশরাফি মানুষ হিসেবে খুবই ভালো। সে দানশীল, দায়িত্ববান, সবার উপকার করে। মাশরাফিকে নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত। সে ক্রীড়াঙ্গন আর স্বদেশের একজন অসাধারণ দূত।’
আরও পড়ুন:








