পেপসি কোম্পানির চেয়ারম্যান ও সিইও ইন্দ্রা নুয়িকে প্রথম স্বাধীন নারী পরিচালক হিসেবে নিয়োগ দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শুক্রবার এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগামী জুনে বোর্ডে যোগ দেবেন তিনি।
প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা গত বছর দিয়েছিল আইসিসি। ১৭ জন পরিচালক নিয়ে বোর্ডের সম্প্রসারণ করতে চেয়েছিল তারা। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল একজন স্বাধীন পরিচালক নিয়োগ, যাকে অবশ্যই নারী হতে হবে। এছাড়া বোর্ডে থাকবেন ১২ জন পূর্ণ সদস্য, তিনজন সহযোগী ও আইসিসি চেয়ারম্যান।
গত বছরের নভেম্বরে এ পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সিএনএনের তালিকায় ২০১৬ সালের ২৬তম ক্ষমতাধর নারী ব্যবসায়ী ইন্দ্রা নতুন দায়িত্বে উচ্ছ্বসিত, ‘আমি ক্রিকেট খেলা ভালোবাসি। ছোটবেলায় আমি কলেজে খেলেছিলাম। এই খেলা আমাকে সততা, সম্মান ও দলগতভাবে কাজ করতে শিখিয়েছে। প্রথম ব্যক্তি হিসেবে এই ভূমিকায় আইসিসিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’
আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর স্বাগত জানিয়েছেন নতুন স্বাধীন বোর্ড পরিচালককে, ‘ইন্দ্রাকে আইসিসিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আরেকজন স্বাধীন পরিচালক, বিশেষ করে একজন নারী যেখানে আছে- এটা আমাদের প্রশাসনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৬২ বছর বয়সী ইন্দ্রা দুই বছরের মেয়াদে কাজ করবেন। তারপর নতুন করে আরও দুই বছরের জন্য পুনঃনিয়োগ পাওয়ার পথ খোলা আছে তার সামনে। এভাবে টানা সর্বোচ্চ তিন মেয়াদে কাজ করার সুযোগ থাকছে নারী স্বাধীন পরিচালকের।
আইসিসির বিবৃতি অনুযায়ী, নতুন স্বাধীন পরিচালক শুধু আইসিসির দায়িত্বেই থাকবেন। দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবে অন্য কোনও সদস্য দেশের কার্যালয়ে কাজ করতে পারবেন না তিনি, এমনকি কোনও নির্বাহী বা পরিচালন কমিটির সদস্যও হতে পারবেন না।








