মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ড ও উইকেটকে বাজে উল্লেখ করে দুইবার আইসিসি সতর্ক করেছে বিসিবিকে। তবু নিজের চাকরিতে বহাল আছেন মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভা। গত কয়েকটি সিরিজে প্রশ্নবিদ্ধ উইকেট বানিয়েছেন শ্রীলঙ্কান এই কিউরেটর। অথচ মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তামিম ইকবালকে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান নতুন কিউরেটর আনার কথা জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে ভারতীয় কিউরেটর প্রবীণ হিগনিকর ঢাকায় এসেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবির পরিচালকদের সঙ্গে দেখা করেছেন ভারতের নাগপুর স্টেডিয়ামের এ কিউরেটর। ৫১ বছর বয়সী হিগনিকর কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ৫২টি প্রথম শ্রেণি ও ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।
সোমবার মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছেন হিগনিকর। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। বুধবার যাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা কিউরেটর নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছি। গামিনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছেন।আরও দুয়েক জন কিউরেটর বাইরে থেকে আনার পরিকল্পনা আমাদের। এরই মধ্যে একজন কিউরেটর আমাদের সঙ্গে দেখা করেছেন। সব কিছু ঠিক থাকলে তিনি শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেবেন।’








