ভারতীয় ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করেন মহেন্দ্র সিং ধোনির কারণেই তাড়াতাড়ি অবসর নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। যদিও ভারতের সফল দুই অধিনায়ক বরাবরই জানিয়েছেন, জাতীয় দলে চমৎকার সময় কাটিয়েছেন তারা। কথাটার বড় প্রমাণ গাঙ্গুলি দিয়েছেন তার আত্মজীবনী ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ বইতে।
ধোনির জাতীয় দলে সুযোগ পাওয়ার পথে বড় অবদান ছিল গাঙ্গুলির। অনেকটা তার ইচ্ছাতেই প্রথমবার সুযোগ মেলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। এমনকি শুরুর দিকে বাজে পারফর্ম করলেও গাঙ্গুলির দলে জায়গা হারাননি তিনি। কারণ ধোনির মধ্যে অন্যরকম কিছু খুঁজে পেয়েছিলেন গাঙ্গুলি।
সেটাই বর্ণনা করেছেন তিনি তার আত্মজীবনীতে, ‘বছরের পর বছর ধরে আমি এমন একজন খেলোয়াড়কে খুঁজছিলাম যে চাপের মধ্যে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে পারে। মহেন্দ্র সিং ধোনিকে আমার নজরে আসে ২০০৪ সালে। প্রথম দিনেই মহেন্দ্র সিং ধোনিকে আমার মনে ধরে গিয়েছিল।’
২০০৩ সালের বিশ্বকাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। দক্ষিণ আফ্রিকার ওই আসরের ফাইনালে হারতে হয়েছিল তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে। গাঙ্গুলির আক্ষেপ এই ভেবে, ‘যদি আমার ২০০৩ সালের বিশ্বকাপ দলে থাকতো ধোনি।’
সাবেক এই অধিনায়ক থাকবেন কী করে, বিশ্বকাপ চলার সময় ধোনি ছিলেন রেলওয়ের টিকিট কালেক্টর! গাঙ্গুলি তার আত্মজীবনীতে সেই অংশটাও তুলে ধরেছেন, ‘আমাকে বলতেই হচ্ছে যখন আমরা ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলি, তখনও ধোনি ভারতীয় রেলওয়ের টিকিট কালেক্টর। অবিশ্বাস্য!’








