মেয়েদের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ১২ রানে হারিয়েছে শেখ রাসেল। এই জয়ে শেখ রাসেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার যোগ্যতা অর্জন করল।
গত মঙ্গলবার হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে দেওয়া হয়। শনিবার টসে হেরে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৭ উইকেটে ১৭২ করেছিল শেখ রাসেল। দলের পক্ষে তাহিন তাহেরা সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া রুপা রায় ২৮ ও রোকাইয়া আহমেদ করেন ২২ রান।
সিটি ক্লাবের পক্ষে বল হাতে সাদিয়া আক্তার ২৫ রানে দুটি ও ফাতেমা তুজ জোহরা ২৯ রানে একটি উইকেট নিয়েছেন।
১৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সিটি ক্লাব ১৬০ রান তুলতেই অলআউট হয়। ফাতেমা ৮৫ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন।
শেখ রাসেলের বোলারদের মধ্যে মুমতা হেনা ও রোকাইয়া আহমেদ ৩টি করে উইকেট নিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন। ম্যাচসেরা হয়েছেন মুমতা।
টুর্নামেন্ট সেরাও শেখ রাসেলের রোকাইয়া। পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করেছেন এই তরুণী। ৭ ম্যাচে ১৬ উইকেটের পাশাপাশি ১০০ রান এসেছে তার ব্যাট থেকে।
এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি শেখ রাসেলের মুমতা। তিনি ৭ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। একই দলের মিশু খান সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। সাত ম্যাচে তার রান ৩০৯।








