ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার ফতুল্লায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আবাহনীর জার্সিতে। যেকোনও পর্যায়ের ক্রিকেটে মাশরাফির এটি প্রথম হ্যাটট্রিক।
ফতুল্লায় রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাশরাফি। শুধু কী হ্যাটট্রিক, টানা ৪ বলে নিয়েছেন ৪ উইকেট! অগ্রণী ব্যাংকের শেষ দিকের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি এই পেসার। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় থেকে পঞ্চম- টানা ৪ বলে পান ৪ উইকেট। দুর্দান্ত এই বোলিংয়ের পথে ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলামকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন মাশরাফি। এরপরও উইকেট ক্ষুধা মেটেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের, পরের বলে তুলে নেন ফজলে রাব্বির উইকেট।
যাতে এক বল আগেই অলআউট অগ্রণী ব্যাংক। সমান্তরালে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। বলার অপেক্ষা রাখে না দারুণ এই জয়ে মাশরাফির অবদান কতটা। ৯.৫ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় ৬ উইকেট পেয়েছেন এই পেসার।
প্রথম স্পেলে মাশরাফিকে অতটা ভয়ঙ্কর হয়ে দেখা যায়নি। ৬ ওভারে ২২ রান খরচ করলেও উইকেট পাননি একটিও। তবে দ্বিতীয় স্পেলে ৩.৫ ওভারে ২২ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন মাশরাফি। বোঝাই যাচ্ছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে কতটা ভয়ঙ্কর ছিলেন তিনি।
২০১৩ সালে প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর অষ্টম হ্যাটট্রিকের ঘটনা এটি। এ আসরে আরও দুটি হ্যাটট্রিক হয়েছে। লিজেন্ড অব রূপগঞ্জের আসিফ হাসান ও মোহাম্মদ শরীফ হ্যাটট্রিক করেছেন চলতি আসরে।
ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক:
খেলোয়াড় | ম্যাচ | ভেন্যু | সাল |
রুবেল হোসেন | ব্রাদার্স ইউনিয়ন-গাজী ট্যাংক | সাভার | ২০১৩ |
তাপস বৈশ্য | কলাবাগান ক্রীড়াচক্র-প্রাইম ব্যাংক | বগুড়া | ২০১৬ |
মোহাম্মদ শরীফ | শেখ জামাল-গাজী গ্রুপ ক্রিকেটার্স | ঢাকা | ২০১৬ |
আফিফ হোসেন | আবাহনী-শেখ জামাল | সাভার (৪) | ২০১৭ |
মনির হোসেন | ভিক্টোরিয়া-ব্রাদার্স ইউনিয়ন | সাভার (৪) | ২০১৭ |
আসিফ হাসান | লিজেন্ডস অব রূপগঞ্জ-শেখ জামাল | সাভার (৪) | ২০১৮ |
মোহাম্মদ শরীফ | লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স | সাভার (৩) | ২০১৮ |
মাশরাফি বিন মুর্তজা | আবাহনী-অগ্রণী ব্যাংক | ফতুল্লা | ২০১৮ |








