বল টেম্পারিং বা অবৈধভাবে বলের আকৃতি বদলের সাথে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। রবিবার এই শাস্তির বেশ কয়েক ঘণ্টা আগেই জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এবার আইপিএলেও নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রাজস্থান রয়্যালসের নির্বাচিত অধিনায়ক।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়। পরদিন স্মিথ স্বীকার করেন তার প্ররোচনায় এই বিতর্কিত কাণ্ড হয়েছে। তারপরই সরে দাঁড়ান তিনি। সঙ্গে ডেভিড ওয়ার্নারও ছাড়েন সহঅধিনায়কের দায়িত্ব। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুযায়ী প্রতারণার শাস্তি হিসেবে আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় তারা দুজন।
বল টেম্পারিংয়ের ঘটনায় এখন ক্রিকেট বিশ্ব তোলপাড়। তারই প্রভাব পড়লো আইপিএলে। সোমবার রাজস্থান নিশ্চিত করেছে, স্মিথ এই বছরের আইপিএলে তাদের অধিনায়ক থাকছে না। তার স্থলাভিষিক্ত হবেন আজিঙ্কা রাহানে।
২০১৩ সালের আসরে দুর্নীতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থানের জন্য শুরুতেই এটি বড় ধাক্কা। স্মিথ নেতৃত্ব ছাড়লেও তাকে খেলানোর কথা জানালো ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা বিসিসিআই নিষিদ্ধ করলেই কেবল তাকে রাখা হবে না দলে।
সোমবার এক বিবৃতিতে রাজস্থান জানায়, দলের স্বার্থের জন্যই অধিনায়কত্ব ছেড়েছেন স্মিথ। যেন কোনও ধরনের বিতর্ক ছাড়াই দল টুর্নামেন্টের প্রস্তুতি নিতে পারে। রাজস্থানের প্রধান জুবিন ভারুচা বলেন, স্মিথ সরে যাওয়ায় নেতৃত্বে রাহানেকে বাছাই করতে খুব বেশি ভাবতে হয়নি তাদের। কারণ দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে আছেন ভারতীয় ব্যাটসম্যান।
অবশ্য রাজস্থানের অনুপস্থিতিতে গত দুই বছর রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন স্মিথ ও রাহানে।
এদিকে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক হিসেবে ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেনি। রবিবার তারা বলেছিল, বিসিসিআই কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা না পেলে নেতৃত্বে রাখা হবে অসি ওপেনারকেই। ক্রিকইনফো








