৭ এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় খেলা হচ্ছে না মিচেল স্টার্কের। চোটের কারণে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার।
ডান পায়ের হাড়ে চিড় ধরেছে স্টার্কের। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। একই সঙ্গে এবারের আইপিএলও দেখতে হবে তাকে মাঠের বাইরে থেকে। বল টেম্পারিংয়ের আঘাতে এলোমেলো অস্ট্রেলিয়া নতুন করে ধাক্কা খেয়েছে স্টার্কের চোটে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞার পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ড্যারেন লেম্যান। জোহানেসবার্গের টেস্ট শেষেই বিদায় জানাবেন তিনি অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়ার সঙ্গে ধাক্কাটা লেগেছে কলকাতা নাইট রাইডার্সের গায়েও। এবারের আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে নামার অপেক্ষায় ছিলেন স্টার্ক। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল সব। এমনিতেই কলকাতা দুশ্চিন্তায় ছিল ক্রিস লিন ও আন্দ্রে রাসেলকে নিয়ে, সেটা আরও বাড়িয়ে দিল স্টার্কের ছিটকে যাওয়ার খবর। লিন ও রাসেল চোটে ভুগছেন, ওদিকে আবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বোলিংয়ে রিপোর্টেড হয়েছেন দলটির স্পিনার সুনিল নারিন। আইপিএলে তার বল করার অনুমতি থাকলেও এর আগে এই লিগ থেকে নিষিদ্ধ হওয়ার উদাহরণও আছে তার।
২০১৮ সালের আইপিএল শুরুর আগে এখন পর্যন্ত তিন খেলোয়াড় ছিটকে গেলেন। কেপ টাউনের বল টেম্পারিংয়ের ঘটনার পর আইপিএল কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে স্মিথ ও ওয়ার্নারকে। আর এবার চোটে ছিটকে গেলেন স্টার্ক। ক্রিকইনফো








