ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বরাবরই মধুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্ভবত সেটা সবচেয়ে বেশি। এই কুড়ি ওভারের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাই বলিউড তারকাদের নাচ-গান থাকবে না, তা কী হয়!
এবারও থাকছে জমকালো উদ্বোধন অনুষ্ঠান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই অনুষ্ঠান জমজমাট করতে মিলে যাচ্ছে ক্রিকেট ও বলিউড। ক্রিকেটাররা তো থাকবেনই, সেই সঙ্গে অনুষ্ঠানকে রঙিন করতে পারফর্ম করবেন রুপালি পর্দায় নায়ক-নায়িকারা। মাঠের ক্রিকেট উত্তেজনায় গা ভাসানোর আগে তাদের নাচের তালে অন্য বিনোদনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
সবচেয়ে বড় আকর্ষণ হৃতিক রোশন। গানের তালে নাচের ঢেউ তুলবেন তিনি। বিনোদন-পিপাসুদের তার পারফরম্যান্সের ব্যাপারে অজানা থাকার কথা নয়। শুধু হৃতিক কেন, অনুষ্ঠান মাতানোর কথা বরুণ ধাওয়ান ও ভারতের ডান্স কিংবদন্তি প্রভু দেবার। তাদের সঙ্গে স্টেজে আগুন ঝরাবেন দুই সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ ও তামান্না ভাটিয়া।
বলিউডের সঙ্গে আইপিএলের সম্পর্কটা সেই শুরু থেকেই। উদ্বোধন অনুষ্ঠান তো ছোট্ট একটি অংশ, প্রতিযোগিতাটির দলের মালিকই তো বলিউড তারকারা। কলকাতা নাইট রাইডার্সের মালিকানার বড় একটি অংশ শাহরুখ খানের। এই ফ্র্যাঞ্চাইজিটিতে শেয়ার আছে জুহি চাওলারও। আরেক নায়িকা প্রীতি জিনতা আবার কিংস ইলেভেন পাঞ্জাবের কর্ণধার। শিল্পা শেঠিও আছেন, দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তার দল রাজস্থান রয়্যালস ফিরেছে এবার।
এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেট মাঠে অনেক তারকাকে দেখা গেছে আগের আসরগুলোতে। এবারও ব্যতিক্রম হবে না। উদ্বোধনী অনুষ্ঠানও যেমন প্রত্যেক বছরের মতো সাজানো হয়েছে বলিউডকে প্রাধান্য দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস লড়াইয়ে টসের আগে হৃতিক-জ্যাকলিনের পারফরম্যান্সে তাই মিলে যাচ্ছে ক্রিকেট-বলিউড।








