প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো অঞ্চলের ফাইনালে উঠেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে কদমতলা ৮২ রানে ফরিদাবাদ হাই স্কুলকে হারিয়েছে।
গত বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ ৯৯ রানে রায়েরবাজার হাই স্কুলকে হারিয়েছিল। ফাইনাল আগামী বুধবার। এরপর ঢাকা মেট্রো এবং ৭ বিভাগীয় চ্যাম্পিয়নকে নিয়ে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল মাঠে বৃষ্টির কারণে ২২ ওভারে নেমে আসা ম্যাচে সব উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কদমতলা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস আসে জোবায়ের মোহাম্মদ হাসানের ব্যাট থেকে। ৩২ রানে ৫ উইকেট নিয়ে মাহাদি ইসলাম ফরিদাবাদের সেরা বোলার।
জবাবে ১৮.১ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় ফরিদাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মোহাইমিনুল। ১১ রানে ৪ উইকেট নিয়ে বাসাবোর জয়ে বড় অবদান ইফাজ নজরুলের।








