বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান হলেও ওয়ানডেতে দীর্ঘদিন উপেক্ষিত মুমিনুল হক। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন অবশ্য, কিন্তু প্রথম একাদশে থেকে মাঠে নামা হয়নি। তবে মুমিনুল এ নিয়ে হতাশ নন। টেস্টে ভালো খেলেই ওয়ানডেতে ফেরার লক্ষ্য এই বাঁহাতি ব্যাটসম্যানের।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৬টি ওয়ানডে খেলে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করা মুমিনুল বলেছেন, ‘আমার ওয়ানডে খেলা নিয়ে অনেক কথাই হয়েছে। এ বিষয়ে আমার একটাই উত্তর— ওয়ানডে খেলতেই হবে এমন চিন্তা আমি করি না। টেস্টে খুব ভালো ও ব্যতিক্রমী পারফর্ম করতে পারলে এমনিতেই ওয়ানডেতে সুযোগ পাবো।’
আপাতত মুমিনুলের মনোযোগ চলমান বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) ঘিরে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবিয়ানে যাওয়ার আগে বিসিএলেই বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার শেষ সুযোগ। চার দিনের এই টুর্নামেন্টের শেষ দুই রাউন্ডে ভালো খেলার লক্ষ্যের কথা জানিয়ে মুমিনুলের মন্তব্য, ‘জাতীয় লিগ হোক বা বিসিএল, সব ম্যাচই আমার জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় দলে আমি শুধু টেস্ট খেলার সুযোগ পাই। তাই সব ম্যাচই আমি খুব মনোযোগ দিয়ে খেলি।’
বিসিএলের প্রথম তিন রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স ছিল মুমিনুলের। পূর্বাঞ্চলের হয়ে দুটি সেঞ্চুরি সহ ৩৮২ রান এসেছিল তার ব্যাট থেকে। সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ায় চতুর্থ রাউন্ডে খেলতে পারেননি। শেষ দুই রাউন্ডে ভালো খেলে দলকে শিরোপা এনে দিতে চান তিনি, ‘একজন ব্যাটসম্যান হিসেবে সব সময় ইচ্ছে করে বড় স্কোর করার। তবে শুধু নিজে রান করলেই হবে না, দলকে চ্যাম্পিয়নও করাতে হবে। সবচেয়ে বড় কথা হলো দলের শিরোপা জয়।’








