২০১৫ সালের স্মৃতি ফিরিয়ে আনছে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দিকে টানা হারের পর ঘুরে দাঁড়িয়েছিল নাটকীয়ভাবে। সেই একই চিত্রের পুনরাবৃত্তি এবার। রান রেট ও ফর্ম ভালো থাকলেও ম্যাচের শেষ দিকে খেই হারাচ্ছে ফিনিশিংয়ের অভাবে। এমন ফর্ম নিয়ে ফের সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায়।
আগের ম্যাচে টান টান উত্তেজনায় দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৯তম ওভারে ১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তাতেও জয়ের দেখা পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় ১ উইকেটে।
মুম্বাইয়ের জন্যে হতাশার খবর মূল অস্ত্র রোহিত শর্মা, কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ারা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফর্ম পাচ্ছে না না। মোস্তাফিজ বল হাতে উইকেট পেলেও মিতব্যয়ী হতে পারছেন না।
অপরদিকে টানা তিন জয়ের পর নিজেদের ছায়া হয়ে রয়েছে সাকিবদের দল হায়দরাবাদ। তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে ভুবনেশ্বর কুমারের চোট। আজকের ম্যাচে নেই এই পেসার। অপর দিকে ফিটনেস নিয়ে শঙ্কায় রয়েছেন শিখর ধাওয়ান ও ইউসুফ পাঠান।
পরিসংখ্যান
১. সবশেষ ৫ বারের মুখোমুখি লড়াইয়ে ৪টিতেই জিতেছে সানরাইজার্স। আর চারটিই জিতেছে দ্বিতীয়বার ব্যাটিং করে।
২. স্লগ ওভারে এবারের আইপিএলে ১৬ উইকেট হারিয়েছে মুম্বাই। যৌথভাবে তাদের সঙ্গে আছে রাজস্থান রয়্যালস।
৩. রশিদ খানের গুগলি সবক্ষেত্রে সফলতা পাচ্ছে না। ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় রান রেট থাকে ৫.৬০, উইকেট নিতে পেরেছেন দুটি। বাঁহাতিদের বেলায় ইকোনমি রেট বেড়ে দাঁড়ায় ১৬.৯!






