বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা উত্তরাঞ্চলের ষষ্ঠ রাউন্ড ভালো কাটছে না। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান সংগ্রহ করলেও দক্ষিণাঞ্চলের চেয়ে এখনও পিছিয়ে ১৪৬ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অলআউট হয় ১৮৭ রানে। জবাবে দক্ষিণাঞ্চল ৮ উইকেটে ৩৬৫ রানে ঘোষণা করে তাদের প্রথম ইনিংস। প্রথম দিন তারা শেষ করেছিল ১ উইকেটে ১১৫ রানে। দ্বিতীয় দিনে স্কোর আরও বাড়িয়ে নিয়েছে দক্ষিণাঞ্চল ইমরুল কায়েসের সেঞ্চুরিতে। তার সঙ্গে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক ও তুষার ইমরান।
৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইমরুল তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের অষ্টম সেঞ্চুরি। ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে করেন ১০৭ রান। ১৬৫ বলের ইনিংসটি তিনি সাজান ১৩ চার ও ২ ছক্কায়।
তার মতো সেঞ্চুরির পথে হাঁটছিলেন ওপেনার এনামুলও। তবে পারেননি, ৮৯ রানে আউট হয়ে যান ফরহাদ রেজার বলে। ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে সেঞ্চুরি ‘ডাল-ভাত’ বানিয়ে ফেলা তুষার আবারও জাগিয়েছিলেন শতকের সম্ভাবনা। হাফসেঞ্চুরি পূরণ করে অবশ্য থামেন ৬৫ রানে। এরপর মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৪৯ রান। সব মিলিয়ে ৮ উইকেটে ৩৬৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
উত্তরাঞ্চলের হয়ে ফরহাদ রেজা সর্বোচ্চ ৫ উইকেট নেন ৫৭ রান খরচায়। ১টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, আরিফুল হক ও তাইজুল ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান করে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। তৃতীয় দিনের খেলা শুরু করবেন মিজানুর রহমান (১৭*) ও জুনায়েদ সিদ্দিক (১৪*)।








