মুজিব উর রহমানের দারুণ বোলিং, আর লোকেশ রাহুলের চমৎকার ব্যাটিংয়ে জয়ে ফিরল কিংস ইলেভেন পাঞ্জাব। টানা দুই ম্যাচ হারের পর তারা আইপিএলের ষষ্ঠ জয় পেল। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৬ উইকেটে।
পাঞ্জাব আগে ফিল্ডিং নিয়ে রাজস্থানকে ৯ উইকেটে ১৫২ রানে আটকে দেয়। তারপর ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান করে তারা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাঞ্জাব। সমান খেলে ষষ্ঠ হারে কেবল ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে রাজস্থান।
ইনিংসের তৃতীয় বলে মুজিব শিকার করেন ডি’আর্চি শর্টকে। ক্রিজ আঁকড়ে থাকা জস বাটলার ও বেন স্টোকসকে ফেরান আফগানিস্তানের এই অফ ব্রেকার। ৩৯ বলে বাটলারের ৫১ রান ছিল রাজস্থানের ইনিংস সেরা।
দ্বিতীয় সেরা ২৮ রান করেন সানজু স্যামসন। মুজিব ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এন্ড্রু টাই নেন ২ উইকেট।
লক্ষ্যে নামা পাঞ্জাব শুরুতেই ধাক্কা খায় ক্রিস গেইলকে (৮) হারিয়ে। ২৯ রানে তারা ২ উইকেট হারালে করুন নায়ারকে নিয়ে হাল ধরেন লোকেশ। ৫০ রানের জুটি গড়েন তারা। নায়ার ৩১ রানে আউট হওয়ার পর অক্ষর প্যাটেল দাঁড়াতে পারেননি।
তাতে অসুবিধা হয়নি পাঞ্জাবের। মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে ৬৮ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নেন লোকেশ। ৫৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। স্টোইনিস টিকে ছিলেন ২৩ রানে। ক্রিকইনফো








