তামিম ইকবালের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রায় সাড়ে তিন বছর আগে। সেই হাঁটুতেই ব্যথা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নিতে গত মার্চে ব্যাংকক যান তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা বাংলাদেশের সেরা ওপেনার দুই সপ্তাহ ধরে জিমের পাশাপাশি রানিং করছেন। বুধবার নেটে ব্যাটিং অনুশীলনও করলেন তামিম।
মিরপুর ক্রিকেট একাডেমি মাঠের নেটে তরুণ লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন সহ বেশ কয়েক জন বোলারের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান। বৃষ্টির কারণে অবশ্য বেশিক্ষণ নেটে কাটাতে পারেননি। তবে যতক্ষণ ছিলেন, ব্যাটিং করেছেন সাবলীলভাবে। সেন্ট্রাল উইকেটে পুরোনো ছন্দেই দেখা গেছে তামিমকে। ব্যাটিংয়ের সময় বাঁ হাঁটুতে ব্যথাও অনুভব করেননি।
আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৩ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগেই সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে আশাবাদী তামিম, ‘প্রায় এক মাস পর আজ ব্যাটিং করেছি। কাল (বৃহস্পতিবার) থেকে রানিংয়ের পাশাপাশি ব্যাটিংও করবো।’
২০১৫ সালের জানুয়ারিতে তামিমের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যচিকিৎসক ডেভিড ইয়াং। কিন্তু এ বছরের শুরু থেকে সেখানেই ব্যথা অনুভব করছিলেন বাংলাদেশের তারকা ওপেনার। মার্চে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি। ব্যথা নিয়েই কলম্বো থেকে লাহোরে যান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচ খেলতে। ব্যথা বেড়ে যাওয়ায় সেই ম্যাচ খেলে চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক যান তিনি।








