২০১৮-১৯ মৌসুমের হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প শুরু হয়েছে সোমবার। মিরপুর ক্রিকেট একাডেমিতে কোচ জাফরুল এহসানের তত্ত্বাবধানে ক্যাম্পে যোগ দিয়েছেন তরুণ ক্রিকেটাররা।
প্রথম দিন অবশ্য ক্যাম্পে সব ক্রিকেটার যোগ দিতে পারেননি। ইয়াসিন আরাফাত, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, সাইদ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও সাইফউদ্দিন বিশেষায়িত পেস বোলিং ক্যাম্পে থাকায় তাদের ছাড়াই শুরু হয়েছে ক্যাম্প। সাইফউদ্দিন অবশ্য শুধু পেসার নন, অলরাউন্ডারও।
ক্যাম্পের প্রথম দিন ফিটনেস নিয়ে কাজ হয়েছে। দ্বিতীয় দিনেও ফিটনেসের পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। এরপর শুরু হবে স্কিল অনুশীলন। ঈদের ছুটির আগে ১২ জুন পর্যন্ত চলবে ক্যাম্পের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ১৮ জুন। সেপ্টেম্বরের মাঝামাঝি ১৬ সপ্তাহের ক্যাম্প শেষ হবে।
২৪ জনের এইচপি দলে ১৩ জন ব্যাটসম্যান, পাঁচ জন স্পিনার এবং ছয় জন পেসার। গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন সেঞ্চুরি করা ওপেনার মিজানুর রহমান ক্যাম্পে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘১৬ সপ্তাহ কঠোর পরিশ্রম করে ব্যাটিং আর ফিটনেসের উন্নতি করতে চাই। ব্যাটিং আর ফিটনেসের উন্নতিই আমার লক্ষ্য।’
প্রথমবারের মতো এইচপি ক্যাম্পে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। তার কণ্ঠেও মিজানুরের কথার প্রতিধ্বনি, ‘১৬ সপ্তাহের ক্যাম্পে কঠোর পরিশ্রম করতে চাই, ব্যাটিং-বোলিং সব বিভাগে নিজেকে প্রস্তুত করতে চাই। বাংলাদেশের হয়ে একটা টি-টোয়েন্টি খেলেছি। আগামীতে জাতীয় দলে যখন সুযোগ পাবো, তখন যেন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে খেলতে পারি।’
এইচপি ক্যাম্পের ২৪ ক্রিকেটার
টপ অর্ডার ব্যাটসম্যান: সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ, মিজানুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি ও আব্দুল মজিদ।
মিডল অর্ডার ব্যাটসম্যান: জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, মাহিদুল ইসলাম অঙ্কন ও তৌহিদ হৃদয়।
স্পিনার: মেহেদী হাসান, আসিফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও মোহাম্মদ রিশাদ আহমেদ।
পেসার: কাজী অনিক ইসলাম, রবিউল হক, হাসান মাহমুদ, ইয়াসিন আরাফাত, সাঈদ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।








