বাঁ পায়ের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে পড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আবুল হাসান। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বোলার হলেও ব্যাটসম্যান হিসেবে একটা দুর্দান্ত রেকর্ড আছে হাসানের। অভিষেক টেস্টে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব তারই প্রথম। ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে ওই কীর্তির পর অবশ্য জাতীয় দলের হয়ে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি।
তার বোলিং পারফরম্যান্সও উল্লেখযোগ্য নয়। তিন টেস্ট খেলে তিনটি এবং চার টি-টোয়েন্টিতে দুই উইকেট শিকার করেছেন হাসান। তবে সাতটি ওয়ানডে খেললেও তার উইকেটের ঘরে এখনও ‘শূন্য’। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১২ বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়ানডে অবশ্য এ বছরের জানুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে।
এদিকে বুধবার দেরাদুনে অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। আর শুক্রবার দেরাদুনে পৌঁছানোর কথা তামিম ইকবাল ও আবুল হাসানের।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৩, ৫ ও ৭ জুন । তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবুল হাসান ও আবু জায়েদ রাহী।








