আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবার সমান অবদান চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
শুধু ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নয়; তিন বিভাগেই সবাইকে সেরাটা দেওয়ার আহ্বান জানালেন এই বাঁহাতি অলরাউন্ডার। নয়তো আফগানিস্তানকে হারানো কঠিন হবে মত দিলেন সাকিব।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। প্রত্যেকে যেন পারফর্ম করে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি একজন কিংবা দুইজন খেলোয়াড় পারফর্ম করে তাহলে আমরা জিততে পারব না। ভালোভাবে খেলার প্রস্তুতি প্রত্যেকের থাকতে হবে। যদি আমরা সবাই অবদান রাখতে পারি এবং নিদাহাস ট্রফির মতো খেলতে পারি তাহলে আরও বেশি ম্যাচ জেতার সুযোগ পাব।’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে উপরে থাকা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সেরা পারফরম্যান্স করতে হবে মনে করেন সাকিব, ‘প্রত্যেক বিভাগ গুরুত্বপূর্ণ। শুধু পেস বোলিং নয়, স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের বোলিং ইউনিটকে ভালো খেলার চেষ্টা করতে হবে। একইভাবে ব্যাটিংয়েও। প্রত্যেকটা জায়গায় মনোনিবেশ করতে হবে। প্রত্যেক বিভাগে আমাদের ভালো করতে হবে কারণ তাদের দল অনেক শক্তিশালী। তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’
নির্দিষ্ট কোনও জায়গা নিয়ে বাংলাদেশ কাজ করেছে কিনা প্রশ্নে সাকিব বলেছেন, ‘না, আমরা তেমন কিছু নিয়ে কাজ করিনি। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে, সেগুলো নিয়ে কাজ করছি। তিনটি বিভাগেই আমাদের ভালো করতে হবে।’








