বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদানের কথা নতুন করে বলার কিছু নেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-অধিনায়কত্বের এমন চমৎকার ‘প্যাকেজ’ ক্রিকেট দুনিয়াতেই বিরল।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক দীর্ঘ দিন তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার ছিলেন। এখনও টেস্ট আর ওয়ানডেতে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব শীর্ষে, আর টি-টোয়েন্টিতে তিন নম্বরে। আর সেই টি-টোয়েন্টির সৌজন্যে তার সামনে দুর্দান্ত অর্জনের হাতছানি।
রবিবার ভারতের দেরাদুনে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট শিকার করতে আর মাত্র দুই উইকেট প্রয়োজন সাকিবের। আফগানিস্তান সিরিজেই তাই কীর্তিটা গড়ার জোরালো সম্ভাবনা বিশ্বসেরা অলরাউন্ডারের।
সাকিবের আগে এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র দুজন—দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর পাকিস্তানের শহীদ আফ্রিদি। ক্যালিস ৪২০ এবং আফ্রিদি ৪৭৭ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।
দুই বিখ্যাত অলরাউন্ডারের চেয়ে সাকিব এদিক দিয়ে অনেক এগিয়ে। তিন ফরম্যাট মিলিয়ে ২৯৯ ম্যাচে তার সংগ্রহ ১০ হাজার ৭৪ রান এবং উইকেট ৪৯৮টি।
এখন তাই দুই উইকেটের অপেক্ষা!








