আফগানিস্তানের বিপক্ষে দুই মারকুটে ব্যাটসম্যানের পতন হলো পাওয়ার প্লে শেষ না হতেই। লিটন দাসের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না সাব্বির রহমান। ২ উইকেট হারানোর পর তামিম ইকবালের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু জুটিটাকে পঞ্চাশ রানের কোটায় নিতে পারেননি। ২২ রানে আউট হয়েছেন উইকটেরক্ষক ব্যাটসম্যান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৮১ রান।
দেরাদুনে মঙ্গলবার সিরিজে ফিরতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। দলে দুটি পরিবর্তন এসেছে। সৌম্য সরকার ও আবু হায়দার রনির জায়গা হয়েছে আবু জায়েদ রাহী ও আবুল হাসানের বদলে।
প্রথম ম্যাচে ৪৫ রানে হারার পর বাংলাদেশ মঙ্গলবার ধীর শুরু করে। প্রথম ওভার মুজিব উর রহমানকে দেখেশুনে খেলেছেন তামিম ইকবাল ও লিটন। মাত্র একটি রান আসে লিটনের ব্যাটে। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে শাপুর জাদরানের শিকার হন। ডিপ স্কয়ার লেগে তাকে সহজ ক্যাচে ফেরান রশিদ খান।
ক্রিজে নামেন সাব্বির। তামিমের সঙ্গে তার জুটি ছিল মাত্র ২০ বলের। ২৯ রানে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ নবী। ৯ বলে ৩ চারে ১৩ রান করে লং অনে সামিউল্লাহ সেনওয়ারির সহজ ক্যাচ হন সাব্বির।
তামিম ও মুশফিক ৩২ বলে ৪৫ রানের জুটি গড়েন। দশম ওভারের পঞ্চম বলে স্টাম্পিং হয়ে নবীকে উইকেট দেন মুশফিক। তার ১৮ বলের ইনিংসে আছে একটি করে চার ও ছয়।
ক্রিজে খেলছেন মাহমুদউল্লাহ ও তামিম।








