শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল বেশ অস্বস্তিতে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৪৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে অতিথিরা। জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৪ রান।
৪ উইকেটে ১৭০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কানদের বড় সংগ্রহ এনে দিতে বড় অবদান লাহিরু থিরিমানের। দ্বিতীয় দিন ৬৬ রানে ব্যাট করতে নেমে তিনি থেমেছেন ১৬৮ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ ইনিংস। ৩৩৯ বলের ইনিংসটি থিরিমানে সাজিয়েছেন ১৪টি চার ও দুটি ছক্কায়।
থিরিমানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫৬ রানের জুটি গড়া চারিথ আসালঙ্কাও সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু সৌম্য সরকারের সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান তিনি। আসালঙ্কার ৯০ রানের ইনিংসে বাউন্ডারি ১৩টি। থিরিমানে-আসালঙ্কার পাশাপাশি জ্বলে উঠেছেন শাম্মু আশানও, খেলেছেন ৭০ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস। তাই সাড়ে চার শ’র কাছাকাছি যেতে সমস্যা হয়নি সফরকারী দলের।
আগের দিন তিন উইকেট নেওয়া পেসার খালেদ আহমেদের দ্বিতীয় দিনে শিকার এক উইকেট। ৯২ রানে চার উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের সেরা বোলার। আরেক পেসার আবু হায়দার রনি দুটি এবং স্পিনার নাজমুল ইসলাম নিয়েছেন এক উইকেট।
জবাব দিতে নেমে সৌম্য শুরু করেছিলেন ঝড়ের গতিতে। কিন্তু পেসার নিসালা থারাকা বোল্ড করে থামিয়ে দেন এই বাঁহাতি ওপেনারকে। ১৭ বলে চারটি চার সহ ২১ রান করেছেন সৌম্য। তিন ওভার পর আসালঙ্কার অফব্রেকে অন্য ওপেনার সাদমান ইসলামও (১) বোল্ড। বাকি সময় দলের আর কোনও ক্ষতি হতে দেননি অভিজ্ঞ তুষার ইমরান এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দিনশেষে তুষার ১২ আর মোসাদ্দেক ৮ রানে অপরাজিত।








