ইংল্যান্ডে ৫ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টির সবগুলো হারা অস্ট্রেলিয়া জয়ে ফিরেছে। সোমবার হারারেতে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করে তারা। জিতেছে টানা দ্বিতীয় ম্যাচ। মঙ্গলবার অধিনায়ক অ্যারন ফিঞ্চের রেকর্ড রানে জিম্বাবুয়েকে ১০০ রানে হারাল অস্ট্রেলিয়া। ২০ ওভারের ক্রিকেটে এটাই তাদের সবচেয়ে বড় জয়।
হারারেতে টস জিতে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের রোষানলে পড়ে জিম্বাবুয়ে। ডি’আর্চি শর্টকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২২৩ রানের সর্বোচ্চ জুটি গড়েন ফিঞ্চ। তবে যে কোনও টি-টোয়েন্টিতে ৬ রানের জন্য রেকর্ড ভাঙতে পারেননি তারা। ২০১৬ সালের আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে ২২৯ রানের জুটি গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।
ইনিংসের ৪ বল বাকি থাকতে শর্টকে ৪৬ রানে ফিরিয়ে প্রথম উইকেট পায় জিম্বাবুয়ে। ১৯.৪ ওভারে হিট উইকেটে আউট হন ফিঞ্চ। তার আগে ৭৬ বলে ১৬ চার ও ১০ ছয়ে ১৭২ রানের রেকর্ড ইনিংস খেলেন এই ওপেনার। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ। তবে সব ধরনের টি-টোয়েন্টিতে ৩ রানের জন্য ক্রিস গেইলকে (১৭৫) পেছনে ফেলতে পারেননি ফিঞ্চ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানও এই অসি ব্যাটসম্যানের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করেন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ১৫০ ছাড়ানো ইনিংসের মালিক তিনি। তার ১৬টি বাউন্ডারিও টি-টোয়েন্টিতে রেকর্ড।
২ উইকেটে ২২৯ রান করার পর অস্ট্রেলিয়ার বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ফেরান নিয়মিত বিরতিতে। অ্যান্ড্রু টাই সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। দুটি পান অ্যাস্টন অ্যাগার।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সলোমন মায়ার। ৯ উইকেটে ১২৯ রানে থামে স্বাগতিকরা।
ফিঞ্চের ম্যাচসেরা পারফরম্যান্সে পাওয়া এই জয়ে ২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পাকিস্তান। জিম্বাবুয়ে দুটি ম্যাচই হেরেছে।
তিন দল আরও দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৮ জুলাই খেলবে ফাইনাল। ক্রিকইনফো








