ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট আর ওয়ানডে দলে সুযোগ পাননি সৌম্য সরকার এবং আরিফুল হক। তবে টি-টোয়েন্টি দলে আছেন তারা। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই রওনা হচ্ছেন দুই তরুণ ক্রিকেটার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এ তথ্য।
এ বছর কোনও টেস্ট বা ওয়ানডে খেলার সৌভাগ্য হয়নি সৌম্যর। তবে টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। গত মাসে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন এই বাঁহাতি ওপেনার। যদিও তেমন সুবিধা করতে পারেননি, দুই ম্যাচ খেলে করেছেন ৩ ও ১৫ রান। তবু ওয়েস্ট ইন্ডিজে ২০ ওভারের ক্রিকেটে সৌম্যকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা।
বিপিএলের গত আসরে ব্যাট হাতে ঝড় তোলা আরিফুলের ওপরেও নির্বাচকরা আস্থা রেখেছেন। তিনটি টি-টোয়েন্টি খেলে মোট ৮ রান করলেও ক্যারিবীয় সফরে যাচ্ছেন তিনি।
ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। তাদের জায়গায় দলের সঙ্গে যোগ দেবেন সৌম্য-আরিফুল। ১ আগস্ট প্রথম টি-টোয়েন্টি, তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে দুজনকে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সৌম্য-আরিফুল আজ রাতেই দেশ ছাড়ছে। দুজনেই আমাদের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। আমরা পরিকল্পনা করেই তাদের টি-টোয়েন্টি দলে রেখেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বেশ আগে পাঠানো হচ্ছে।’
আগামী ১ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।








