দুই বছর ধরে ওয়ানডে দলের বাইরে ডেল স্টেইন। বোলিংয়ে আগের সেই ধারও নেই। তবে আশা হারাচ্ছেন না, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি। আর ইংল্যান্ডের ওই টুর্নামেন্ট শেষেই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন এই পেসার।
গত কয়েক বছর ধরে ইনজুরি খুব ভুগাচ্ছে স্টেইনকে। এ বছরের শুরুতে দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। যদিও ওয়ানডেতে ফেরা হয়নি। ২০১৬ সালের অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপরও বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না এই পেসার। সামনের বছরের প্রতিযোগিতা শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মুম্বাইয়ের এক ইভেন্টে ৩৫ বছর বয়সী প্রোটিয়া পেসার বলেছেন, ‘(ইংল্যান্ডের) বিশ্বকাপ খেলার চেষ্টা করছি। তবে বিশ্বকাপ শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলে খেলার খুব একটা সম্ভাবনা দেখছি না আমার। তাছাড়া পরের বিশ্বকাপ যখন আসবে, তখন আমার বয়স হবে ৪০।’
কিন্তু ওয়ানডে দলে তো জায়গাই হচ্ছে না তার! এরপরও স্টেইন আশাবাদী, অভিজ্ঞতা স্বপ্ন দেখাচ্ছে তাকে, ‘দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপে চোখ রাখলে দেখবেন আমাদের টপ অর্ডারের ছয় খেলোয়াড়ের ১ হাজার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু নিচের অর্ধে ৮ থেকে ১১ নম্বরে যারা খেলে, তাদের ৫০ ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই। এখানে অবশ্যই অভিজ্ঞতার ভারসাম্য আনতে হবে।’
এই জায়গাতেই বিশ্বকাপ দলে নিজেকে দেখছেন স্টেইন, ‘আশা করছি নির্বাচকরা যখন বিশ্বকাপের দল ঠিক করবেন, তখন এটাই হবে আমার তুরুপে তাস। আমার সবসময় খেলার প্রয়োজন নেই। তবে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা ওই জায়গায় সাহায্য করবে।’
নতুন কোচ ওটি গিবসন অবশ্য অভিজ্ঞ এই পেসারকে টেস্ট ফিটনেসের দিকে বাড়তি নজর দিতে বলেছেন। তাছাড়া দীর্ঘদিন ওয়ানডে দলের বাইরে থাকা স্টেইনের সুযোগ হয়নি রবিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজেও। তাই বিশ্বকাপের খেলার স্বপ্ন স্টেইনের পূরণ হয় কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্রিকইনফো








