প্রথম টি-টোয়েন্টিতে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ, হার মেনেছে ৭ উইকেটে। এবার দ্বিতীয় টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। ফ্লোরিডার লডারহিলে রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।
ওয়েস্ট ইন্ডিজ সফর নতুন নয় টাইগারদের জন্য। তবে এই ভেন্যু বাংলাদেশের জন্য নতুন। ফ্লোরিডায় আগে কখনও খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের মাটিতে কি ভাগ্য বদলাবে?
২০১০ সালের ২২ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের। এখানে এর আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি হয়েছে। রবিবার ৭ নম্বর ম্যাচে বাংলাদেশ সৌভাগ্যের পরশ পায় কিনা সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হয়ে যাবে সাকিবদের। আর বাংলাদেশ জিতলে সোমবার শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
ফ্লোরিডায় টাইগারদের শুধু একজনেরই খেলার অভিজ্ঞতা আছে, সাকিব আল হাসানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সুবাদে এই ভেন্যুতে খেলার সুযোগ হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা, ‘আশা করি, সিপিএলে শেষবার যখন খেলেছিলাম, তার চেয়ে বর্তমান উইকেট ভালো হবে। অবশ্য আগে থেকে কিছু বলা যায় না। অনেক সময় উইকেট দেখে মনে হয় এক রকম, আর তার আচরণ হয় ভিন্ন।’
এই মাঠে এর আগে চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এবার ক্যারিবীয়দের ‘নিজ ভূমে পরবাস’-এর মতো অনুভূতি হতে পারে! ফ্লোরিডার ম্যাচ দুটো ঘিরে বিশাল আগ্রহ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। গ্যালারির একটা বড় অংশে যে বাংলাদেশের সমর্থন থাকবে, তা বলে দেওয়াই যায়। সাকিব তাই মাঠে নামতে উদগ্রীব, ‘সফরটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে। ফ্লোরিডায় অনেক বাংলাদেশি দর্শক থাকবে। আমি মনে করি, এই অভিজ্ঞতা মজার হবে আমাদের জন্য।’ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তিনি আশাবাদী, ‘গত ম্যাচে আমাদের আরও রান করার সুযোগ ছিল। বেশ কিছু কারণে আমরা সফল হতে পারিনি। আগের ভুল শুধরে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আশা করি, এখানে আমরা ভালো করতে পারবো।’








