ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ভিভিএস লক্ষ্মণ কাজ করছেন এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে। এই ভূমিকাতেও নিজের দক্ষতার পরিচয় দেওয়া সাবেক এই ব্যাটসম্যান গত ২৫ বছরে ভারতের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন।
যে দলের অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’তে ১৯৯৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছেন লক্ষ্মণ। গত ২৫ বছরে খেলোয়াড়দের পারফরম্যান্স ও দলে অবদান রাখার ভিত্তিতে বেছে নিয়েছেন সেরা খেলোয়াড়দের। যেখানে ভারতের বর্তমান দলের মাত্র তিন খেলোয়াড়কে রেখেছেন তিনি।
স্বাভাবিকভাবেই লক্ষ্মণের দলে রয়েছেন কিংবদন্তি খেলোয়াড়রা, যারা তাদের খেলা দিয়ে শুধু ভারতকে নয়, মুগ্ধ করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে। ভারতের সাবেক এই ব্যাটসম্যান ওপেনিংয়ে বীরেন্দর শেবাগের সঙ্গে রেখেছেন মুরালি বিজয়কে। ২০০৮ সালে অভিষেক হওয়া বিজয় ইংল্যান্ড সফরের চতুর্থ ও পঞ্চম টেস্ট থেকে বাদ পড়েছেন।
ওয়ান ডাউনে রয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়, চতুর্থ নম্বরে কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এরপর ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তবে এই একাদশের নেতৃত্বে থাকছে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উইকেটের পেছনে লক্ষ্মণের পছন্দ মহেন্দ্র সিং ধোনি।
বোলিং বিভাগে স্পিনার হিসেবে রয়েছেন অনিল কুম্বলে। পেস বোলিংয়ে জাভাগাল শ্রীনাথ ও জহির খানের সঙ্গে আছেন ভারতের এখনকার দলের নিয়মিত মুখ ভুবনেশ্বর কুমার।
লক্ষ্মণের সেরা টেস্ট একাদশ (১৯৯৩-২০১৮):
বীরেন্দর শেবাগ, মুরালি বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ভুবনেশ্বর কুমার, জাভাগাল শ্রীনাথ, জহির খান।








