চলছে এশিয়া কাপের প্রস্তুতি। ঈদের ছুটির পর প্রধান কোচ স্টিভ রোডসের তত্ত্বাবধানে অনুশীলন করছেন মাশরাফি-তামিমরা। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে দুবার রানার্স-আপ হলেও শিরোপার মধুর স্বাদ পায়নি বাংলাদেশ। অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এবার সফল হওয়ার লক্ষ্য টাইগারদের।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এশিয়া কাপের প্রতিটি ম্যাচই কঠিন। টুর্নামেন্টে ভালো করতে আমরা কঠোর পরিশ্রম করছি। আশা করি, আমাদের পরিশ্রম কাজে লাগবে। আগে দুবার ফাইনালে উঠে ব্যর্থ হয়েছি। এবার আর ব্যর্থ হতে চাই না, সফল হতে চাই।’
ওয়ানডে বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট। ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের সাফল্যের হার সবচেয়ে বেশি। ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপেও সাফল্য পেতে আত্মবিশ্বাসী মিরাজ, ‘ওয়ানডেতে প্রায় চার বছর ধরে দেশে আর দেশের বাইরে আমরা ভালো খেলছি। আর এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে আমাদের। দলের সিনিয়র ক্রিকেটাররা দাপটের সঙ্গে খেলছেন, জুনিয়ররাও অবদান রাখছেন সাফল্যে। আমরা আত্মবিশ্বাসী, এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে পারলে সাফল্য আসবেই।’
এবারের ক্যাম্পে ক্যাচ প্র্যাকটিসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সীমানার কাছে ক্যাচ মিস করে ম্যাচ হারার অনেক উদাহরণ আছে বাংলাদেশের। মিরাজ জানিয়েছেন, ‘আমরা এক হাতে ক্যাচ ধরার অনুশীলন করছি যেন ম্যাচে দুই হাতে ধরতে সমস্যা না হয়। ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে ভালো ফিল্ডিং করে ২০/৩০ রান বাঁচাতে পারলে কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায়। তাই আমরা ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ দিয়েছি এবার।’








