ইনজুরি থেকে ফিরে সেরাটা দিয়ে দিয়ে বোলিং করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজে সামর্থ্যের ৬০ ভাগ দিয়ে বোলিং করার কথা নিজেই জানালেন। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে মোস্তাফিজের লক্ষ্য সামর্থ্যের পুরোটা দিয়ে বোলিং করার।
বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হইচই ফেলে দেওয়া মোস্তাফিজ। এশিয়া কাপে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বাঁহাতি পেসার বলেছেন, ‘আমার কাছে অনেকের প্রত্যাশা থাকে। চেষ্টা থাকবে আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ দিয়ে বোলিং করতে পারিনি। নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি এখন সুস্থ আছি, তবে আমার ছন্দটা আরও ভালো হওয়া সম্ভব। আশা করি এশিয়া কাপে সামর্থ্যের পুরোটা দিয়ে বোলিং করতে পারব। এখনও সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।’
আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। যে কারণে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন মোস্তাফিজ, ‘ওখনাকার গরম প্রায় আমাদের দেশের মতই। অত আহামরি পরিবর্তন নেই। আমি ২০১৪ সালে (ওখানে) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলাম। তখন যে মাঠে খেলেছি, সেই মাঠেই এবার খেলা হবে। সব কিছু প্রায় আমাদের মতই হবে। এখন এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কেমন উইকেট দেয়, সেটাও দেখার বিষয়।’
ওয়েস্ট ইন্ডিজে পাঁচ পেসার খেললেও এশিয়া কাপের দলে আছেন চার পেসার। পেস বোলিং ইউনিট নিয়ে দারুণ উচ্ছ্বসিত মোস্তাফিজ, ‘সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টোয়োন্ট সিরিজ জিতেছি। সবাই ভালো ছন্দে আছে, আশা করি এই ছন্দটা এশিয়া কাপে কাজে লাগবে।’
আগের কোচ চন্ডিকা হাথুরুসিংহের চেয়ে এখনকার কোচ স্টিভ রোডসের পরিকল্পনা অনেকটাই ভিন্ন বলে জানিয়েছেন তিনি। নতুন কোচ প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘সব কিছু মিলিয়ে ভালো লাগারই কথা। আগের কোচের (হাথুরুসিংহে) পরিকল্পনা ছিল এক রকম, এখন নতুন কোচের পরিকল্পনার আরেক রকম। সবাই মেনে চলতে পারলে সামনে এগিয়ে যাওয়া কঠিন কিছু না।’








