স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি করেছিলেন তারা। তাদের এই শাস্তির পর প্রথমবার অস্ট্রেলিয়া তাদের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। অক্টোবরের এই সিরিজের জন্য নতুন চেহারার দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
জোহানেসবার্গে অসিদের সবশেষ টেস্ট খেলা গ্লেন ম্যাক্সওয়েলের বাদ পড়া আলোড়ন তুলেছে। জেএলটি শেফিল্ড মৌসুমে ৫০ এরও বেশি গড় রান থাকলেও তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, দুবাইয়ের উপমহাদেশীয় কন্ডিশনে বল নড়াচড়া কম হয় বলেই ম্যাক্সওয়েলকে রাখা হয়নি।
একই কারণে জোহানেসবার্গের একাদশে থাকা জো বার্নস ও পিটার হ্যান্ডসকম্ব বাদ পড়েছেন। অভিষেক না হলেও ওই দলে থাকা ঝাই রিচার্ডসনও হয়েছেন উপেক্ষিত।
তিন নতুন মুখের সঙ্গে দলে জায়গা হয়েছে অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ ও পিটার সিডলের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও ফিঞ্চের কখনও টেস্ট খেলা হয়নি। তাছাড়া ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচে গড় ৩৬.১৫ রানও নেই তার পক্ষে। কিন্তু আরব আমিরাতের পিচ বলেই ফিঞ্চকে দলে ডেকেছেন নির্বাচকরা। আর সিডল তার শেষ টেস্ট খেলেছেন ২০১৬ সালে। এসেক্সের হয়ে ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানের বিপক্ষে জায়গা আদায় করেছেন এই পেসার। সব মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন তিনি।
তাদের সঙ্গে দলে প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশ্যাগনে এবং ফাস্ট বোলার মাইকেল নেসের ও ব্রেন্ডন ডোগেট। সংযুক্ত আরব আমিরাতে অভিষেক হলে ফেইথ থোমাস ও জ্যাসন গিলেস্পির পর তৃতীয় আদিবাসী হিসেবে ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় পরবেন ডোগেট।
আগামী ৭ অক্টোবর দুবাইয়ে হবে প্রথম টেস্ট। আবুধাবিতে শেষ টেস্ট হবে ১৬ অক্টোবর। আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল:
টিম পেইন (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ব্রেন্ডন ডোগেট, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, জন হল্যান্ড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশ্যাগনে, নাথান লায়ন, মিচ মার্শ, শন মার্শ, মাইকেল নেসের, ম্যাট রেনশ, পিটার সিডল ও মিচেল স্টার্ক।








