অভিষেকেই আলো ছড়ালেন পৃথ্বি শ। মাত্র ১৮ বছর বয়সে ভারতের টেস্টে দলে সুযোগ পেয়ে তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৩৪ রানের ইনিংস খেলার পথে ভারতের সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পৃথ্বি।
তার রেকর্ড গড়া সেঞ্চুরির সঙ্গে চেতশ্বর পূজারা ও বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। রাজকোট টেস্টের প্রথম দিনটা ভারতের। টপ অর্ডারের চমৎকার পারফরম্যান্সে প্রথম দিনেই স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করেছে ৩৬৪ রান।
একদিন আগে নিশ্চিত হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে রাজকোটের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে পৃথ্বির। স্কুল ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটাও রাঙিয়ে নিলেন। ক্যারিবিয়ান বোলারদের শাসন করে মাত্র ৯৯ বলে পূরণ করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাতে সবচেয়ে কম বয়সী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েন পৃথ্বি।
১৮ বছর ৩২৯ দিনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরিতে ভারতের ‘এক নম্বর’ হলেও সব মিলিয়ে পৃথ্বি রয়েছে চতুর্থ স্থানে। সবচেয়ে কম বয়সে অভিষেক টেস্টে সেঞ্চুরির করার রেকর্ডটা মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশি ব্যাটসম্যান মাত্র ১৭ বছর ৬১ দিনে পেয়েছিলেন শতকের দেখা। তার পরের দুটি জায়গায় রয়েছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও পাকিস্তানের সেলিম মালিক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জেতা ভারতের শুরুটা ভালো ছিল না। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। যদিও অভিজ্ঞ চেতশ্বর পূজারার সঙ্গে পৃথ্বি ঘুরে দাঁড়িয়ে ইনিংস মেরামত করেন। অভিষেক টেস্টে সেঞ্চুরির আনন্দে মাতা পৃথ্বি ১৩৪ রানে থামেন দেবেন্দ্র বিশুর শিকার হয়ে। ১৫৪ বলের ইনিংসটি তিনি সাজান ১৯ চারে।
তার আউটের আগে ৮৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। ভারতীয় ব্যাটসম্যান ১৩০ বলের ইনিংসে মেরেছেন ১৪টি চার। তাদের আউটের পর বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে এগিয়ে নেন দলের স্কোর। রাহানে ৪১ রানে আউট হলেও কোহলি দিন শেষে অপরাজিত আছেন ৭২ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ঋষভ পন্থ (১৭*)।
ভারতের দাপটের দিনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, দেবেন্দ্র বিশু, রোস্টন চেস ও শিরমান লুইস। ক্রিকইনফো








