ইমরুলকে বদলে দিয়েছে আবুধাবির সেই ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ০১:০১আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০১:০৪

ইমরুল কায়েস আবারও জ্বলে উঠলেন (ছবি: বিসিবি) এশিয়া কাপের সুপার ফোরের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেওয়ার ডাক পান ইমরুল কায়েস। সঙ্গে সঙ্গে তল্পিতল্পা গুটিয়ে বাংলাদেশ থেকে উড়াল দেন। ম্যাচে নামার আগে একদিনও সময় পাননি বলা চলে। ভ্রমণক্লান্তির সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে ঠিকই একাদশে জায়গা পান এবং অপরিচিত ব্যাটিং পজিশনে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে উদ্ধার করেন বাংলাদেশকে। আবুধাবির ওই ইনিংসই বদলে দিয়েছে ইমরুলকে।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ইমরুল। এবার ওপেনিংয়ে নেমে যখন অন্য প্রান্তের ব্যাটসম্যানদের একের পর এক আসা যাওয়া দেখছেন, তখন আবারও দাঁড়িয়ে যান তিনি। ঠিক যেমনটা করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। আবুধাবিতে সুপার ফোরের প্রথম ম্যাচে ৮৭ রানে বাংলাদেশ ৫ উইকেট হারানোর পর তার ব্যাটে স্বস্তি ফেরে। মাহমুদউল্লাহর সঙ্গে ১২৮ রানের জুটি গড়েন এবং অপরাজিত ছিলেন ৭২ রানে। তার ওই দুর্দান্ত ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে ৩ রানে জিতে ফাইনাল খেলার স্বপ্ন টিকে রাখে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষেও ঝলমলে এক ইনিংস খেললেন ইমরুল, দাঁড়িয়ে গেলেন দলের বিপদে। কাইল জার্ভিসের তোপের মুখে ১৩৯ রানে বাংলাদেশ ৬ উইকেট হারালে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে খেলেন দারুণ এক জুটি। তাতে ২৭১ রান স্কোরবোর্ডে জমা করে ২৮ রানে প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ।

১৪০ বলে ১৪৪ রানের এই ইনিংসের ভেতরের রহস্য জানালেন ইমরুল। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি কী করতে পারি আর কী পারি না, সেটা বুঝেছি ওই ইনিংস থেকে। আজ ব্যাটিংয়ের সময় ওই ইনিংসটার কথা বারবার মনে করছিলাম। ওই ধরনের কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যদি ভালো কিছু করতে পারি, তাহলে নিজেদের কন্ডিশনে আরও ভালো করার সামর্থ্য আছে। এটাই আমাকে ভালো খেলতে আত্মবিশ্বাসী করেছে।’

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে নিজের সর্বোচ্চ রানে পরিণত করেছেন ইমরুল। ২০১৬ সালের অক্টোবরে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন তিনি। তবে এই ইনিংসের চেয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা ৭২ রানকে এগিয়ে রাখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘এটা আমার ক্যারিয়ারের ভালো একটা ইনিংস হিসেবে মনে রাখব। তবে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসটা অনেক দরকার ছিল। আজ আমার ইনিংসটির জন্য বাংলাদেশ স্বস্তিতে ফিরেছে। তারপরও আফগানিস্তানের বিপক্ষে খেলা ইনিংস আমার ক্যারিয়ারের অন্যতম সেরা। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি।’

নিজেদের মাঠ হলেও এই ইনিংস খেলতে খানিকটা ভুগেছেন ইমরুল, ‘শুরুটা কিন্তু যেমন চাচ্ছিলাম তেমন হচ্ছিল না। একটা সময়ে ভুগতে হয়েছে। ড্রাইভ খেলা যাচ্ছিল না। যে কোনও সময় বল লাফ দিচ্ছিল। আমি যখনই চিন্তা করছিলাম যে স্ট্রোক খেলব, তখনই একটা করে উইকেট পড়ছিল। তখন আবার নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত ব্যাটিং করে দেখি কী হয়। বুঝতে পারছিলাম ২৪০-২৫০ ভালো স্কোর। তাই সেভাবেই ব্যাটিং করছিলাম, শেষ পর্যন্ত সফল হয়েছি।’

মিরপুরে এদিন ইমরুল সেঞ্চুরি উদযাপন করলেন অন্যভাবে। দুই হাতে ব্যাট রেখে কয়েকবার দোলালেন। কয়েক দিন আগে সন্তানের বাবা হওয়া ইমরুলের এই উদযাপনের কারণ বুঝতে বেশি কষ্ট হয়নি। এই সেঞ্চুরিটা ছেলে শোহায়েব বিন কায়েসকে উৎসর্গ করেছেন ৩১ বছর বয়সী ওপেনার, ‘আমার ছেলে হয়েছে। তাকেই সেঞ্চুরিটা উৎসর্গ করেছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম