ষষ্ঠ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে রবিবার। রাজধানীর হোটেল র্যাডিসনে লটারির মাধ্যমে পছন্দের ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পাবে টুর্নামেন্টের ৭টি দল। আর তখনই জানা যাবে মুশফিকুর রহিমের ঠিকানা।
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন মুশফিক। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও এবার বিপিএলে দল খুঁজে পাননি। গতবার আইকন হিসেবে ছিলেন রাজশাহী কিংসে। কিন্তু এবার তাকে দলে রাখেনি রাজশাহী, বরং আইকন হিসেবে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।
নিয়ম অনুযায়ী, বিপিএলের প্রতিটি দল দেশি-বিদেশি সহ গতবারের চার জনকে ধরে রাখতে পারবে।
মোস্তাফিজ ছাড়া আইকন খেলোয়াড়দের মধ্যে ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, খুলনা টাইটানসে মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে মাশরাফি মুর্তজা, সিলেট সিক্সার্সে লিটন দাস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে তামিম ইকবাল খেলবেন।
রাজশাহী ছেড়ে দেওয়ার পর চিটাগং ভাইকিংসের সামনে মুশফিককে দলে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু চট্টগ্রামের দলটি দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে নেয়নি। গতবার ১২ ম্যাচে ১৪৬ রান করা মুশফিককে তাই অপেক্ষায় থাকতেই হচ্ছে।








