টেস্টের লড়াই শুরু শনিবার। সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের সফর সূচিতে রয়েছে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তাদের এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে টসই হয়নি বৃষ্টির কারণে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ছিল আজ (সোমবার)। কিন্তু নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টিতে প্রথম দিন মাঠেই নামতে পারেনি জিম্বাবুয়ে-বিসিবি একাদশ। এমনকি টসও করা সম্ভব হয়নি।
টেস্ট সিরিজ শুরুর আগে সফরকারী জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজেও একই লক্ষ্য স্বাগতিকদের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।
টেস্ট শুরুর আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। ওখান থেকেই সিলেটে চলে যাবে তারা। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম স্টেডিয়ামটির। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর স্টেডিয়াম, শুরু হবে ১১ নভেম্বর।








