বল টেম্পারিং এখন ক্রিকেটে ‘আন্তর্জাতিক সমস্যা’ হয়ে দাঁড়িয়েছে মনে করেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। বল বিকৃতি এড়াতে কন্ডিশনে ভারসাম্য আনার তাগাদা দিলেন সাবেক এই ওপেনার।
নিউল্যান্ডসে বল টেম্পারিংয়ের অভিযোগে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞার পরপর পদত্যাগ করেন ড্যারেন লেম্যান। তার উত্তরসূরি হন ল্যাঙ্গার। দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটারদের ওই কর্মকাণ্ডকে বিশাল ভুল আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আমার সত্যিকারের অভিমত হলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা।’
ফক্স ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘আমি এক মুহূর্তের জন্যও বুঝতে পারি না কীভাবে মাঠে গিয়ে আমরা শিরিষ কাগজ বের করলাম, এটা আমার কাছে একেবারে অর্থহীন। বল টেম্পারিং এমন এক সমস্যা যেটা বৈশ্বিক।’
বল টেম্পারিং করাকে পাড়ার ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন ল্যাঙ্গার, ‘এটা সত্যিই দুশ্চিন্তার বিষয়। আমি এটাকে অন্যভাবে দেখি, মনে করে দেখুন আপনি শৈশবে যখন উঠোনের ক্রিকেটে ভাইয়ের সঙ্গে খেলতেন তখন বলের এক পাশে টেপ লাগাতেন যেন এটা সুইং করে। কারণ বল সুইং করাতে না পারলে ভাইকে আউট করতে পারবেন না এবং সেটা হবে একঘেয়ে খেলা।’
এই সমস্যার সমাধানের উপায় বলেছেন ল্যাঙ্গার, ‘বিশ্বব্যাপী আমাদের এমন পিচ তৈরি করতে হবে যেন বল দিক পাল্টাতে পারে, সেটা স্পিন বা সুইং যাই হোক না কেন।’ ক্রিকইনফো








